বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনালের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তবে ম্যাচের আগে দুই দলের প্রস্তুতিতে দেখা গেছে ভিন্ন চিত্র। বৈরী আবহাওয়ার কারণে শেষ অনুশীলন করতে পারেনি স্পেন, অন্যদিকে কিছুটা বিলম্ব হলেও নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে আর্জেন্টিনা।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিউ জার্সির মেলানিলেন ট্রেনিং গ্রাউন্ডে স্পেনের শেষ অনুশীলনের সূচি ছিল। কিন্তু অনুশীলন শুরুর আগেই বজ্রপাত ও ঝোড়ো হাওয়া শুরু হওয়ায় ফিফার নিরাপত্তা নির্দেশিকা অনুসারে পুরো সেশন বাতিল করা হয়। খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠে নামতে দেওয়া হয়নি।
শেষ মুহূর্তের এই অনুশীলন বাতিল হওয়ায় স্পেন নিজেদের কৌশল ও ম্যাচ পরিকল্পনা মাঠে ঝালিয়ে নেওয়ার সুযোগ হারায়। যদিও দলের কোচিং স্টাফ জানিয়েছেন, এতে খেলোয়াড়দের আত্মবিশ্বাসে কোনো প্রভাব পড়েনি। তাদের বিশ্বাস, পুরো টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সই ফাইনালে দলের সবচেয়ে বড় শক্তি হবে।
অন্যদিকে আর্জেন্টিনা শিবিরও আবহাওয়ার বাধার মুখে পড়েছিল। মরিসটাউনে অবস্থানরত লিওনেল মেসিদের অনুশীলনও সাময়িকভাবে স্থগিত রাখা হয়। তবে প্রায় ৪৫ মিনিট অপেক্ষার পর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে কোচ লিওনেল স্কালোনির অধীনে পুরো দল মাঠে নেমে পূর্ণাঙ্গ অনুশীলন সম্পন্ন করে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবারের বিশ্বকাপেও দুর্দান্ত ছন্দে রয়েছে। টুর্নামেন্টজুড়ে অপরাজিত থেকে তারা ফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে স্পেনও আক্রমণাত্মক ফুটবল ও দারুণ দলীয় সমন্বয়ের মাধ্যমে ফাইনালে উঠে এসেছে। ফলে শিরোপা নির্ধারণী ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে।
বিশ্বকাপ ফাইনালের আগে আবহাওয়ার এমন প্রতিকূল পরিস্থিতি দুই দলের প্রস্তুতিতে ভিন্ন প্রভাব ফেললেও মাঠের লড়াইয়ে তার কতটা প্রভাব পড়বে, সেটাই এখন দেখার বিষয়। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে নামছে আর্জেন্টিনা, আর দীর্ঘ ১৬ বছর পর আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে স্পেন।
সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সময় সোমবার রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে বিশ্বকাপ ২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল। কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকবে এই মহারণের দিকে, যেখানে নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়নের নাম।
কসমিক ডেস্ক