জুলাই অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী রাজনীতির অস্তিত্ব এ দেশের মানুষ আর মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা আয়োজিত ‘সদস্য (রুকন) সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে। তাই ফ্যাসিবাদী রাজনীতির আর কোনো স্থান এ দেশের মানুষ মেনে নেবে না।”
তিনি রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “গণভোটের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জনগণের মতামতের ভিত্তিতে একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মো. ইব্রাহিম ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চলের পরিচালক সাইফুল আলম খান।
কসমিক ডেস্ক