নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়ুদূষণের দায়ে একটি শিল্পপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ।
এর আগে বুধবার (১৫ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিকুল ইসলামের নেতৃত্বে সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়ুয়া প্রসিকিউশন পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর জানায়, অভিযানের সময় বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(ক) বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এ কারণে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী ফতুল্লার পিলকুনি এলাকার মেসার্স নাস ফিনিশিং-এর বিরুদ্ধে এক লাখ টাকা জরিমানা ধার্য করে তা আদায় করা হয়।
নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এইচ এম রাশেদ বলেন, প্রতিষ্ঠানটি কাঠ পুড়িয়ে বয়লার মেশিন পরিচালনা করছিল, যা পরিবেশের জন্য ক্ষতিকর এবং প্রচলিত আইন অনুযায়ী নিষিদ্ধ। এ কারণেই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, পরিবেশ দূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।
কসমিক ডেস্ক