আবুধাবিতে তৈরি হচ্ছে সুস্থতার এক স্বর্গরাজ্য The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আবুধাবিতে তৈরি হচ্ছে সুস্থতার এক স্বর্গরাজ্য

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
আবুধাবিতে তৈরি হচ্ছে সুস্থতার এক স্বর্গরাজ্য ছবির ক্যাপশন:

শারীরিক ও মানসিক সুস্থতাকে কেন্দ্র করে বিশ্বের অন্যতম ব্যতিক্রমী আবাসন প্রকল্প নির্মাণ করছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিতে ‘ফাহিদ আইল্যান্ড’ নামে গড়ে ওঠা এই মেগা প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ বিলিয়ন আমিরাতি দিরহাম, যা প্রায় ১১ বিলিয়ন মার্কিন ডলারের সমান। প্রকল্পটির লক্ষ্য শুধু আবাসন নির্মাণ নয়, বরং এমন একটি পরিবেশ সৃষ্টি করা যেখানে প্রতিদিনের জীবনযাপনই হবে স্বাস্থ্যকর, আরামদায়ক ও টেকসই।

আবুধাবি সরকারের মালিকানাধীন রিয়েল এস্টেট প্রতিষ্ঠান আলদার ডেভেলপমেন্ট প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রায় ২ দশমিক ৭ মিলিয়ন বর্গমিটার এলাকা নিয়ে গড়ে ওঠা এই দ্বীপে ২০২৯ সালের মধ্যে প্রায় ৬ হাজারের বেশি আবাসন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এখানে সাধারণ অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে বিলাসবহুল ভিলাও থাকবে।

ফাহিদ আইল্যান্ডের অন্যতম আকর্ষণ হবে এর ১১ কিলোমিটার দীর্ঘ উপকূলরেখা এবং তিনটি প্রধান আবাসিক অঞ্চল। প্রকল্পের অ্যাপার্টমেন্টগুলোর মূল্য শুরু হবে ১৯ লাখ আমিরাতি দিরহাম থেকে। অন্যদিকে বিলাসবহুল ভিলার দাম সর্বোচ্চ ৭৬ লাখ দিরহাম পর্যন্ত হতে পারে।

প্রকল্পটির নকশা এমনভাবে করা হয়েছে, যাতে বাসিন্দারা প্রতিদিন সহজেই স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে পারেন। এ লক্ষ্যেই দ্বীপজুড়ে নির্মাণ করা হচ্ছে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ ‘বার্ম পার্ক’, যা সবুজ বাফার জোন, দৌড়ানোর ট্র্যাক এবং তিনটি পৃথক সাইক্লিং রুট হিসেবে ব্যবহৃত হবে।

এ ছাড়া পুরো দ্বীপে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ সংযুক্ত হাঁটার পথ থাকবে। এর ৭০ শতাংশেরও বেশি অংশ ছায়াবৃত রাখা হবে, যাতে গরম আবহাওয়াতেও মানুষ স্বাচ্ছন্দ্যে হেঁটে চলাচল করতে পারেন। পরিকল্পনাকারীদের মতে, ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরতা কমিয়ে হাঁটা ও সাইকেল ব্যবহারে উৎসাহ দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

শিক্ষার ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ২০২৮ সালের সেপ্টেম্বরে এখানে যুক্তরাজ্যের খ্যাতনামা কিংস কলেজ স্কুল উইম্বলডন-এর একটি শাখা চালু হওয়ার কথা রয়েছে। প্রতিষ্ঠানটি স্বাস্থ্যসম্মত ভবন নির্মাণের আন্তর্জাতিক ফিটওয়েল (Fitwel) মানদণ্ড অনুযায়ী বিশ্বের প্রথম স্বীকৃত স্কুল হওয়ার পথে রয়েছে।

শুধু শিক্ষা প্রতিষ্ঠান নয়, পুরো ফাহিদ আইল্যান্ড প্রকল্পই ফিটওয়েল-এর সর্বোচ্চ থ্রি-স্টার রেটিং অর্জন করে একটি বৈশ্বিক রেকর্ড গড়েছে। এই স্বীকৃতি প্রকল্পটির স্বাস্থ্য, পরিবেশ এবং টেকসই নগর পরিকল্পনার মানকে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে তুলে ধরেছে।

আলদার ডেভেলপমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা এমা ম্যাকক্রিরি ব্রিন বলেন, বর্তমান সময়ে অনেক প্রকল্প শুধু একটি জিম বা স্পা যুক্ত করে নিজেদের ‘ওয়েলনেস’ প্রকল্প হিসেবে প্রচার করে। কিন্তু প্রকৃত সুস্থতা কেবল ব্যায়ামাগার নয়; বরং এমন একটি পরিবেশ গড়ে তোলা, যা মানুষকে প্রতিদিন স্বাস্থ্যকর সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করে।

বিশেষজ্ঞদের মতে, ফাহিদ আইল্যান্ড কেবল একটি বিলাসবহুল আবাসন প্রকল্প নয়; এটি ভবিষ্যতের স্বাস্থ্যকেন্দ্রিক, পরিবেশবান্ধব ও টেকসই নগরায়ণের একটি নতুন মডেল হিসেবেও বিবেচিত হতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বিশ্বকাপ শিরোপার দৌড়ে এগিয়ে কারা? শক্তিশালী ৬ দাবিদারের বিশ্

বিশ্বকাপ শিরোপার দৌড়ে এগিয়ে কারা? শক্তিশালী ৬ দাবিদারের বিশ্