চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে পার্কিং করে রাখা একটি লরি থেকে রক্তাক্ত অবস্থায় লরি চালক জামাল উদ্দিন (৫৬)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে উপজেলার দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা লরি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত জামাল উদ্দিন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচা এলাকার বাসিন্দা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের সহকারী বেলাল হোসেন জানান, ভোর ৩টার দিকে সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে পণ্যবোঝাই লরি নিয়ে রওনা দেন তারা। পথে ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার ব্রিজ এলাকায় সরু সড়কের কারণে গাড়ির গতি কমে গেলে ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
তার ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা প্রথমে লরির সামনের গ্লাস ভাঙচুর করে। পরে ধারালো অস্ত্র দিয়ে চালক জামাল উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত অবস্থায়ও তিনি লরি চালিয়ে ফেনী পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পরে তার মৃত্যু হয়।
এরপর বিষয়টি অন্য লরি চালকদের জানানো হলে গাড়িটি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের ফারদিন মডেল পাম্প এলাকায় নিয়ে আসা হয়। সেখানেই পুলিশ গিয়ে লরি থেকে চালকের মরদেহ উদ্ধার করে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক তথ্যমতে ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন এলাকায় সংঘটিত হয়েছে। তাই সংশ্লিষ্ট থানা মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় তদন্তও চলমান রয়েছে।
কসমিক ডেস্ক