স্কুল শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চা বৃদ্ধি এবং সৃজনশীল চিন্তার বিকাশে বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের যৌথ উদ্যোগে পরিচালিত বইপড়া কর্মসূচি এবার ফরিদপুর ও মাদারীপুর জেলায় সম্প্রসারণ করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে দুই জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে।
আয়োজকরা জানিয়েছেন, চলতি বছরে এই কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৪০ হাজার বই বিতরণ করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের সাহিত্য, জ্ঞান ও মানবিক মূল্যবোধের সঙ্গে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি ফরিদপুর জেলার হালিমা বালিকা উচ্চ বিদ্যালয়, ইশান বালিকা উচ্চ বিদ্যালয়, পুলিশ লাইন্স হাই স্কুল, হিতৈষী উচ্চ বিদ্যালয়, ফরিদপুর উচ্চ বিদ্যালয় এবং তারার মেলা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হয়। একইভাবে মাদারীপুর জেলার আলহাজ আমিনউদ্দিন হাই স্কুল, বিয়াম ল্যাবরেটরি স্কুল, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ, জুলিও কুরী উচ্চ বিদ্যালয় এবং ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ কর্মসূচির আওতায় বই পেয়েছে।
ফরিদপুর শিশু একাডেমি মিলনায়তন এবং মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমিতে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে বই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। দুই জেলার অনুষ্ঠানে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
ফরিদপুরে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম এবং মাদারীপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান, বিকাশের হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
বইপড়া কার্যক্রমকে আরও আকর্ষণীয় করে তুলতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকদের মতে, পাঠ্যবইয়ের বাইরে বিভিন্ন ধরনের বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের কল্পনাশক্তি, বিশ্লেষণী দক্ষতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। এ লক্ষ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র দীর্ঘদিন ধরে দেশব্যাপী বইপড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্যোগকে আরও বিস্তৃত করতে ২০১৪ সাল থেকে বিকাশ কর্মসূচিটির সঙ্গে যুক্ত রয়েছে।
সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত সারা দেশে ৪ লাখের বেশি বই বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের ৩৪ লাখেরও বেশি শিক্ষার্থী ও পাঠক উপকৃত হয়েছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন করে কর্মসূচির সম্প্রসারণ দেশের আরও বেশি শিক্ষার্থীর মধ্যে পাঠাভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে।
কসমিক ডেস্ক