ভারতের জনপ্রিয় ব্লকবাস্টার ‘পুষ্পা’ সিনেমায় মূল্যবান লাল চন্দন পাচারের অভিনব কৌশল দর্শকদের নজর কাড়ে। সেই সিনেমা থেকে অনুপ্রাণিত হয়ে একই ধরনের গোপন কুঠুরি ব্যবহার করে গাঁজা পাচারের চেষ্টা করেছিল একটি মাদক চক্র। তবে বাস্তবে সেই পরিকল্পনা সফল হয়নি। তেলেঙ্গানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, পাচারকারীরা একটি কন্টেইনার ট্রাকের ভেতরে বিশেষভাবে তৈরি করা গোপন কুঠুরিতে গাঁজা লুকিয়ে পরিবহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তেলেঙ্গানার ঈগল ফোর্স এবং ভদ্রাদ্রি কোঠাগুদেম জেলা পুলিশ কয়েক ঘণ্টা ধরে একটি কন্টেইনার ট্রাক এবং সেটির নিরাপত্তায় থাকা একটি মোটরসাইকেলকে অনুসরণ করে।
মঙ্গলবার বিকেলে আইটিসি পেপারস বোর্ডের ওয়েস্ট গেট এলাকায় অভিযান চালিয়ে যানবাহন দুটি থামানো হয়। পরে তল্লাশিতে কন্টেইনারের গোপন কুঠুরি থেকে ৫২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ২ কোটি ৬২ লাখ রুপি বলে জানিয়েছে পুলিশ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গাঁজাগুলো ওড়িশার আল্লুরিকোটা বনাঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছিল। পরে অন্ধ্রপ্রদেশের তুলাসিপাকা হয়ে চালানটি তেলেঙ্গানায় প্রবেশ করে। পরিকল্পনা অনুযায়ী, এই মাদক খাম্মাম, ওয়ারাঙ্গল, আদিলাবাদ ও মহারাষ্ট্র অতিক্রম করে উত্তর প্রদেশে পৌঁছানোর কথা ছিল।
অভিযানের সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ওড়িশার একজন মাদক সরবরাহকারী, অন্ধ্রপ্রদেশের একজন এসকর্ট মোটরসাইকেল আরোহী এবং উত্তর প্রদেশের একজন ট্রাকচালক।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত আরও কয়েকজন সন্দেহভাজনকে শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের আওতায় রয়েছে কন্টেইনার ট্রাকের মালিক এবং সম্ভাব্য মাদক ক্রেতারাও। পুরো পাচারচক্রকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে তেলেঙ্গানা পুলিশ।
কসমিক ডেস্ক