কম্পিউটার অপারেটরের প্রতারণায় এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না ১০ শিক্ষার্থীর The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কম্পিউটার অপারেটরের প্রতারণায় এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না ১০ শিক্ষার্থীর

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
কম্পিউটার অপারেটরের প্রতারণায় এইচএসসি পরীক্ষা দেওয়া হলো না ১০ শিক্ষার্থীর ছবির ক্যাপশন:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজের ১০ শিক্ষার্থী প্রবেশপত্র না পাওয়ায় চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি। ফরম পূরণের নামে কলেজের এক খণ্ডকালীন কম্পিউটার অপারেটর অতিরিক্ত টাকা নিয়ে প্রতারণা করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার দিন কলেজের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা।

জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারা মানবিক বিভাগের ১০ শিক্ষার্থীকে অতিরিক্ত অর্থের বিনিময়ে ফরম পূরণ করে দেওয়ার আশ্বাস দেন কলেজের খণ্ডকালীন কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন। প্রায় দুই মাস আগে তিনি প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা করে গ্রহণ করেন।

গত ২৪ জুন অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করা হলেও ওই ১০ শিক্ষার্থীকে কিছুই দেওয়া হয়নি। অভিযুক্ত কর্মী শিক্ষার্থীদের বারবার আশ্বাস দেন যে দেরিতে ফরম পূরণ হওয়ায় প্রবেশপত্র পরে দেওয়া হবে। পরে ৩০ জুন ও ১ জুলাই দেওয়ার কথা বললেও শেষ পর্যন্ত তিনি তা দিতে ব্যর্থ হন। অভিযোগ অনুযায়ী, ১ জুলাই রাত থেকে তার মোবাইল ফোন বন্ধ এবং তিনি আত্মগোপনে রয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, কলেজের স্টাফ পরিচয়ে অভিযুক্ত ব্যক্তি তাদের আস্থা অর্জন করেন এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সব ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। সেই বিশ্বাস থেকেই তারা অর্থ প্রদান করেন। এখন প্রবেশপত্র না পাওয়ায় তাদের একটি শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মতিউর রহমান জানান, বিষয়টি তিনি বুধবার বিকেলে জানতে পারেন। তিনি বলেন, কলেজে ফরম পূরণসংক্রান্ত সব লেনদেন ব্যাংকের মাধ্যমে সম্পন্ন হয় এবং হাতে কোনো টাকা নেওয়ার নিয়ম নেই। অভিযুক্ত ব্যক্তি খণ্ডকালীন কম্পিউটার অপারেটর হিসেবে দায়িত্ব পালন করতেন। ঘটনার তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে ডা. সালাউদ্দিন বাবুর বিশেষ উদ্যোগ

মাদক ও চাঁদাবাজি প্রতিরোধে ডা. সালাউদ্দিন বাবুর বিশেষ উদ্যোগ