ইউজিসি চেয়ারম্যানের অনুষ্ঠানে জবিতে সংঘর্ষ, আহত ভিপি-জিএস The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইউজিসি চেয়ারম্যানের অনুষ্ঠানে জবিতে সংঘর্ষ, আহত ভিপি-জিএস

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 4, 2026 ইং
ইউজিসি চেয়ারম্যানের অনুষ্ঠানে জবিতে সংঘর্ষ, আহত ভিপি-জিএস ছবির ক্যাপশন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (৪ আগস্ট) ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান’ বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী চলাকালে ছাত্রশিবিরের নেতাকর্মীরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে স্লোগান ও মিছিল শুরু করেন। এতে অনুষ্ঠানস্থলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি দ্রুত ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মুখোমুখি অবস্থান নেন। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরবর্তীতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ও অন্যান্য বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়।

সংঘর্ষে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, ছাত্রশক্তি ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের অর্থ-সম্পাদক কামরুজ্জামান গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঘটনার পর ক্যাম্পাসে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

তবে এ ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন, ছাত্রদল কিংবা ছাত্রশিবির—কোনো পক্ষ থেকেই তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার কারণ ও দায় নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পতেঙ্গায় ট্রলার থেকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ৯

পতেঙ্গায় ট্রলার থেকে বিপুল ইয়াবা উদ্ধার, আটক ৯