তরুণদের সৃজনশীলতা বিকাশে শিক্ষাব্যবস্থার রূপান্তরের আহ্বান The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তরুণদের সৃজনশীলতা বিকাশে শিক্ষাব্যবস্থার রূপান্তরের আহ্বান

  • নিউজ প্রকাশের তারিখ : Jan 14, 2026 ইং
তরুণদের সৃজনশীলতা বিকাশে শিক্ষাব্যবস্থার রূপান্তরের আহ্বান ছবির ক্যাপশন:

যুবসমাজের চিন্তা, প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শিক্ষাব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থা মৌলিকভাবে চাকরিকেন্দ্রিক হয়ে পড়েছে, যা তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে দমিয়ে রাখছে।

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে তিন দিনব্যাপী ‘দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পথনির্দেশনা’ শীর্ষক আঞ্চলিক সম্মেলন (সার্চে–২০২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ইউনূস বলেন, ঢাকায় আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের শিক্ষাবিদদের একত্র হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের সামাজিক ও রাজনৈতিক বাস্তবতা পর্যালোচনার জন্য এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। এসব অভিজ্ঞতা বিশ্লেষণ করলে বিশ্ববিদ্যালয় শিক্ষা ও সামগ্রিক শিক্ষার প্রকৃত উদ্দেশ্য আরও স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হায়ার এডুকেশন অ্যাকসেলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের অন্তত ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ভূমিকার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, তরুণদের নিজস্ব চিন্তা ও মনন রয়েছে। তারা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে জীবন উৎসর্গ করেছে। তিনি বলেন, কয়েক মাস আগেই কেন তরুণরা অস্ত্রের মুখে দাঁড়িয়ে রাজপথে নেমেছিল—তাদের সেই প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা না করলে জাতি হিসেবে আমরা একটি বড় সুযোগ হারাব।

তিনি শহীদ স্কুলছাত্র শাহরিয়ার খান আনাসের মায়ের কাছে লেখা একটি চিঠির উদাহরণ তুলে ধরেন, যেখানে বন্ধুদের সঙ্গে রাজপথে নামাকে নিজের দায়িত্ব হিসেবে উল্লেখ করেছিল সে। অধ্যাপক ইউনূস বলেন, এসব ঘটনা হঠাৎ কোনো বিস্ফোরণ নয়। শ্রীলঙ্কা ও নেপালেও অনুরূপ ঘটনা ঘটেছে, তবে ঢাকায় তা হয়েছে আরও ব্যাপকভাবে।

আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সার্কের মূল দর্শনই ছিল পারস্পরিক বিনিময় ও একে অপরের কাছ থেকে শেখা। কিন্তু দুঃখজনকভাবে আজ সার্ক প্রায় অকার্যকর হয়ে পড়েছে। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি সার্ক পুনরুজ্জীবনের আহ্বান জানিয়ে আসছেন এবং ভবিষ্যতেও এ দাবি অব্যাহত রাখবেন বলে জানান।

আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, গণ-অভ্যুত্থান দেশের পুরনো কাঠামো ভেঙে দিয়েছে। তরুণরা নিজেদের ‘জুলাই সনদ’ তৈরি করেছে এবং তারা মনে করে, দেশের সমস্যার মূল রয়েছে সংবিধানে। এ কারণেই ভবিষ্যৎ সংবিধান নির্ধারণে গণভোটের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষার লক্ষ্য হওয়া উচিত তরুণদের উদ্যোক্তা ও পরিবর্তনের কারিগর হিসেবে গড়ে তোলা, চাকরিপ্রার্থী নয়। মানুষের কল্পনাশক্তিই সভ্যতার মূল চালিকাশক্তি—আর সেই শক্তির জোরেই তরুণরা নতুন বাংলাদেশের স্বপ্নে জীবন দিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমে। স্বাগত বক্তব্য রাখেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজিম উদ্দিন খান।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৬৫০ মার্কিন সেনা হতাহত দাবি আইআরজিসির, সরে গেছে ইউএসএস আব্রা

৬৫০ মার্কিন সেনা হতাহত দাবি আইআরজিসির, সরে গেছে ইউএসএস আব্রা