ভবিষ্যৎ নিয়ে জোর গুঞ্জন এবং আর্সেনালে সম্ভাব্য যোগদানের আলোচনার মধ্যেই রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপ শেষে ছুটি কাটিয়ে সোমবার মাদ্রিদে ফিরে ক্লাবের ভালদেবেবাস ট্রেনিং সেন্টারে সতীর্থদের সঙ্গে নতুন মৌসুমের প্রস্তুতিতে যোগ দেন তিনি।
অনুশীলনের আগে ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাবের নির্ধারিত মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করেন। এরপর নতুন কোচ হোসে মরিনহোর অধীনে প্রথমবারের মতো অনুশীলনে অংশ নেন। ভিনিসিয়ুসের সঙ্গে একই দিনে অনুশীলনে ফেরেন মরক্কোর মিডফিল্ডার ব্রাহিম দিয়াস।
রিয়াল মাদ্রিদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়, বিশ্বকাপ-পরবর্তী বিরতি শেষে দুই ফুটবলারই শারীরিক পরীক্ষা সম্পন্ন করে দলের সঙ্গে যোগ দিয়েছেন এবং মৌসুম-পূর্ব প্রস্তুতি শুরু করেছেন।
এদিকে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। তার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যম ইএসপিএন-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন চুক্তিতে সমঝোতা না হলে চলতি গ্রীষ্মকালীন দলবদলেই তাকে ছেড়ে দিতে পারে রিয়াল মাদ্রিদ। তবে ক্লাব কর্তৃপক্ষ ও ফুটবলারের প্রতিনিধিদের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বৈঠকের তারিখ নির্ধারণ হয়নি।
অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল ভিনিসিয়ুসকে দলে ভেড়ানোর আগ্রহ দেখাচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও আর্সেনালের কোচ মিকেল আর্তেতা সাম্প্রতিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চাননি।
নতুন মৌসুমকে সামনে রেখে রিয়াল মাদ্রিদ ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। সম্প্রতি প্রাক-মৌসুমের প্রথম প্রীতি ম্যাচে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনার বিপক্ষে ২-২ গোলে ড্র করে লস ব্লাঙ্কোস। সেই ম্যাচে দলের হয়ে গোল করেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। আগামী শনিবার হাঙ্গেরির ক্লাব ফেরেঙ্কভারোস-এর বিপক্ষে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ।
কসমিক ডেস্ক