আর্জেন্টিনা ম্যাচের আগে রেফারিকে কড়া বার্তা স্পেন কোচের, ‘নিয়ম ভাঙার সুযোগ দেওয়া যাবে না’ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আর্জেন্টিনা ম্যাচের আগে রেফারিকে কড়া বার্তা স্পেন কোচের, ‘নিয়ম ভাঙার সুযোগ দেওয়া যাবে না’

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
আর্জেন্টিনা ম্যাচের আগে রেফারিকে কড়া বার্তা স্পেন কোচের, ‘নিয়ম ভাঙার সুযোগ দেওয়া যাবে না’ ছবির ক্যাপশন:

বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে রেফারিং ইস্যুতে স্পষ্ট বার্তা দিয়েছেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারিকে নিয়মের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে এবং কোনো দলকেই নিয়ম ভাঙার সুযোগ দেওয়া উচিত নয়।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্সের পাশাপাশি রেফারিং নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়ার পর মিসরের কোচ হোসাম হাসান ও ফরোয়ার্ড মোস্তাফা জিকো প্রকাশ্যে রেফারির পক্ষপাতের অভিযোগ তোলেন। পরে মিসর ফুটবল অ্যাসোসিয়েশন বিষয়টি নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানায়।

এই বিতর্কের আবহেই আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে নিজের অবস্থান পরিষ্কার করেন দে লা ফুয়েন্তে। ম্যাচটি পরিচালনা করবেন স্লোভেনিয়ার অভিজ্ঞ রেফারি স্লাভকো ভিনচিচ

স্প্যানিশ দৈনিক স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে দে লা ফুয়েন্তে বলেন,
“রেফারি কোনোভাবেই শিথিলতা দেখাতে পারেন না কিংবা নিয়ম ভাঙার সুযোগ দিতে পারেন না। ফুটবলের বৈধতার যে সীমারেখা আছে, তা কোনোভাবেই অতিক্রম করা উচিত নয়।”

তবে রেফারিদের নিরপেক্ষতা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করেননি স্পেন কোচ। বরং তিনি বলেন,
“রেফারিদের ওপর আমার পূর্ণ আস্থা আছে। একই সঙ্গে আমাদেরও পরিষ্কারভাবে জানা আছে, এমন বড় ম্যাচে কীভাবে খেলতে হয়।”

দে লা ফুয়েন্তের সঙ্গে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির পুরোনো সম্পর্কও রয়েছে। স্কালোনি কোচিং প্রশিক্ষণের সময় তার কাছ থেকে শিক্ষা নিয়েছিলেন। তবে সেই সম্পর্ক ফাইনালের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না বলেই মনে করেন স্প্যানিশ এই কোচ।

তিনি বলেন, আর্জেন্টিনা তাদের স্বাভাবিক কৌশলেই খেলবে, কিন্তু স্পেনের লক্ষ্য থাকবে নিজেদের ফুটবল দর্শন ধরে রাখা।

তার ভাষায়,
“আর্জেন্টিনা তাদের নিজস্ব ঘরানায় খেলবে। কিন্তু আমাদের মনোযোগ থাকতে হবে শুধু নিজেদের খেলায়। নিজেদের ফুটবলকে আরও শক্তিশালী করা এবং সেটিকে আরও নিখুঁত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

একই সঙ্গে নিজের খেলোয়াড়দের মাঠের ভেতরে প্রতিপক্ষের কোনো উসকানিতে না জড়ানোর পরামর্শ দিয়েছেন দে লা ফুয়েন্তে। তিনি মনে করেন, স্পেন যদি নিজেদের খেলার ধরণ থেকে বিচ্যুত হয়, তাহলে তারাই ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন,
“আমরা ফুটবলটা ফুটবলের মতোই খেলতে পছন্দ করি। নিজেদের ভাবনায় অটল থাকতে চাই, কোনো ধরনের উসকানিতে পা দিতে চাই না। অবশ্য এর মানে এই নয় যে আর্জেন্টিনা এমন কিছু করবে।”

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী এই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের উত্তেজনা এখন তুঙ্গে। দুই পরাশক্তির মহারণে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি রেফারির সিদ্ধান্তও যে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, সেটি আগেই স্পষ্ট করে দিলেন স্পেন কোচ।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় চীনের বার্তা

মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতায় চীনের বার্তা