তীব্র গরম ও আর্দ্রতার মধ্যে শারীরিক সমস্যায় পড়ে সিনসিনাটি ওপেন থেকে বিদায় নিয়েছেন নোভাক জোকোভিচ। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী এই সার্বিয়ান তারকা আর্জেন্টিনার থিয়াগো অগুস্তিন তিরান্তের কাছে তিন সেটের লড়াইয়ে হেরে যান। ম্যাচের একপর্যায়ে কোর্টে বসে তোয়ালেতে বমিও করেন তিনি।
সিনসিনাটি ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শুরুটা অবশ্য দারুণ করেছিলেন জোকোভিচ। প্রথম সেটে তিরান্তেকে ৬-২ গেমে হারিয়ে এগিয়ে যান তিনি। কিন্তু দ্বিতীয় সেট থেকেই ম্যাচের চিত্র বদলে যায়। প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে জোকোভিচকে বারবার অস্বস্তিতে পড়তে দেখা যায়।
একপর্যায়ে হাঁটু গেড়ে বসে পড়েন ৩৯ বছর বয়সী জোকোভিচ। এরপর তোয়ালেতে বমি করেন তিনি। শারীরিক অবস্থা সামাল দিতে চিকিৎসা বিরতিও নেন। চিকিৎসা নেওয়ার পর ম্যাচ চালিয়ে গেলেও স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি এই কিংবদন্তি।
শেষ পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় সেটে ৬-৪, ৬-৪ গেমে জয় তুলে নেন তিরান্তে। ফলে ম্যাচটি ২-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য পান বিশ্ব র্যাংকিংয়ের ৫০ নম্বরে থাকা এই আর্জেন্টাইন। জোকোভিচের বিপক্ষে এটিই ছিল তার প্রথম ম্যাচ।
ম্যাচ শেষে জোকোভিচ জানান, শুধু গরমকে তিনি দায়ী করছেন না। তার ভাষ্য অনুযায়ী, কয়েক বছর ধরে একটি স্বাস্থ্যগত সমস্যা তাকে ভোগাচ্ছে এবং অতিরিক্ত গরম ও আর্দ্রতায় সেটি আরও প্রকট হয়ে ওঠে। ম্যাচের স্নায়ুচাপও পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছিল বলে জানান তিনি।
সিনসিনাটি ওপেনে ভবিষ্যতে আর খেলবেন কি না, সে বিষয়েও অনিশ্চয়তা প্রকাশ করেছেন জোকোভিচ। তিনি জানিয়েছেন, ভবিষ্যৎ কী নিয়ে আসে তা দেখতে হবে।
অন্যদিকে জোকোভিচকে হারিয়ে উচ্ছ্বসিত তিরান্তে এই জয়কে নিজের ক্যারিয়ারের সেরা জয় হিসেবে উল্লেখ করেছেন। শীর্ষ খেলোয়াড়ের বিপক্ষে চাপ সামলে খেলতে পারায় সন্তুষ্টিও প্রকাশ করেছেন তিনি।
সিনসিনাটি ওপেন থেকে বিদায়ের পর জোকোভিচের নজর এখন ইউএস ওপেনে। ২০২৬ সালের শেষ গ্র্যান্ড স্লাম ৩০ আগস্ট শুরু হওয়ার কথা। এর আগে শারীরিকভাবে নিজেকে কতটা প্রস্তুত করতে পারেন, সেটিই এখন বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কসমিক ডেস্ক