এক সময় মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন লিওনেল মেসি ও কাসেমিরো। স্পেনের লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জার্সিতে একে অপরের বিপক্ষে অসংখ্যবার লড়াই করা এই দুই তারকা এখন একই দলে। ইন্টার মায়ামির জার্সিতে নতুন মৌসুম থেকে একসঙ্গে খেলতে যাচ্ছেন তারা।
মন্ট্রিয়লের বিপক্ষে ম্যাচ দিয়ে ইতোমধ্যে মেজর লিগ সকারে (এমএলএস) অভিষেক হয়েছে কাসেমিরোর। তবে এখনো মেসির সঙ্গে মাঠে নামার সুযোগ হয়নি। আর্জেন্টাইন অধিনায়ক ছুটি শেষে বুধবার দলে যোগ দিয়েছেন।
মেসির সঙ্গে খেলার অপেক্ষায় থাকা কাসেমিরো সংবাদ সম্মেলনে তাকে ‘ফুটবলের ঈশ্বর’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “আমরা শিরোপার জন্য লড়াই করতে চাই। আমি ঠিক সেই জায়গাতেই এসেছি, যেখানে থাকতে চেয়েছিলাম। প্রতিদিন নিজের উন্নতি করতে চাই এবং ফুটবলের ঈশ্বরের সঙ্গে খেলাটা উপভোগ করতে চাই।”
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া ৩৪ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা জানান, ক্লাবটিতে আসার অন্যতম কারণ হলো বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ। তার ভাষায়, “এই ক্লাব বিশ্বের সেরা ফুটবলারদের দলে নিয়েছে। এখানে এমন খেলোয়াড়দেরই থাকা উচিত, যারা প্রতিনিয়ত উন্নতি করতে চায় এবং সাফল্যের জন্য ক্ষুধার্ত।”
রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় মেসির বিপক্ষে বহুবার মাঠে নেমেছেন কাসেমিরো। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, “সে আমাকে অনেক সমস্যায় ফেলেছে। কিন্তু আমার সব সময় স্বপ্ন ছিল বিশ্বের সেরাদের সঙ্গে খেলার।”
মেসিকে থামানো কতটা কঠিন, সেটিও অকপটে স্বীকার করেছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তিনি বলেন, “আমি জানি, তাকে থামানো প্রায় অসম্ভব। সবকিছু অর্জনের পরও সে এখনো উন্নতি করতে চায়, জিততে চায়। এই মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করে। তার সঙ্গে একই দলে খেলতে পারাটা আমার জন্য সত্যিই সম্মানের।”
ইন্টার মায়ামিতে এই দুই অভিজ্ঞ তারকার জুটি নতুন মৌসুমে ক্লাবটির শিরোপা জয়ের স্বপ্নকে আরও শক্তিশালী করবে বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
কসমিক ডেস্ক