বিশ্বকাপ মিশন শুরুতেই সমালোচনার মুখে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করায় প্রত্যাশা অনুযায়ী শুরু করতে পারেনি সেলেসাওরা। তবে এই ফলাফলকে বড় ধাক্কা হিসেবে না দেখে সামনে এগোনোর দিকেই মনোযোগ দিচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি।
গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে শুক্রবার ভোরে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে এই ম্যাচে বড় জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়াতে চায় দলটি। হাইতি তাদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শুরু করেছে।
প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরুটা ছিল চাপে ভরা। ইসমায়েল সাইবারির গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল বড় ধরনের বিপদের মুখে পড়ে যায়। তবে ভিনিসিউস জুনিয়রের একক নৈপুণ্যে শেষ পর্যন্ত কোনোমতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে দলটি। এই পারফরম্যান্স ঘিরে সমালোচনা শুরু হলেও কোচ আনচেলত্তি পরিস্থিতি নিয়ে আতঙ্কিত নন।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে তিনি জানান, দলে কিছু পরিবর্তন আনা হবে, তবে বড় ধরনের রদবদল নয়। মূলত ভারসাম্য ও খেলায় উন্নতি আনার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। আনচেলত্তির মতে, প্রথম ম্যাচের মানসিক চাপ ও “হলুদ জার্সির ঐতিহাসিক চাপ” খেলোয়াড়দের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।
তিনি আরও বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ সবসময়ই কঠিন হয় এবং এটি চূড়ান্ত ফল নির্ধারণ করে না। প্রথম ম্যাচে যারা ভালো করতে পারেনি, তাদেরও তিনি আবার সুযোগ দিতে চান বলে জানিয়েছেন।
ব্রাজিল এখন লক্ষ্য রাখছে দ্রুত ভুল শুধরে টুর্নামেন্টে নিজেদের অবস্থান শক্ত করার দিকে। হাইতির বিপক্ষে জয় পেলে গ্রুপ পর্বে এগিয়ে থাকার পথে বড় ধাপ এগোবে সেলেসাওরা।
কসমিক ডেস্ক