গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তিতে রাতভর বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, বিভিন্ন ধরনের মাদক এবং মাদক বিক্রির নগদ টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। বুধবার (৫ আগস্ট) সকালে জিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার ভোর পর্যন্ত জিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে একটি বিশেষ দল টঙ্গীর হাজী মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা, হেরোইন, ফেনসিডিলের খালি বোতল, মাদক বিক্রির নগদ অর্থ এবং চুরি-ছিনতাইয়ে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় বা তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা রয়েছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ।
জিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, টঙ্গী এলাকায় মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, টঙ্গী এলাকা থেকে মাদক নির্মূল এবং অপরাধ নিয়ন্ত্রণে জিএমপি ধারাবাহিকভাবে কাজ করছে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে এবং নিয়মিত অভিযান পরিচালিত হবে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া আলামতগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অভিযানের মাধ্যমে এলাকায় অপরাধ প্রবণতা কমিয়ে জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
কসমিক ডেস্ক