তিন বিভাগে বন্যার শঙ্কা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

তিন বিভাগে বন্যার শঙ্কা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
তিন বিভাগে বন্যার শঙ্কা ছবির ক্যাপশন:

উজানের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে শুক্রবার (৭ আগস্ট) পর্যন্ত সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে।

কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাত হতে পারে। এর প্রভাবে সুরমা-কুশিয়ারা নদীর পানি আগামী দুই দিন বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এতে সিলেট ও সুনামগঞ্জের কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

উত্তরাঞ্চলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদের পানিও আগামী এক দিন পর্যন্ত বাড়তে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, তিস্তা ও দুধকুমার নদীর পানি কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিস্তা তীরবর্তী এলাকায় নদীভাঙন

এদিকে নীলফামারীর তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে বুধবার সকালে পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও বিকেলের পর থেকে তা কমতে শুরু করে। সন্ধ্যা ৬টায় পানি বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচে নেমে আসে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে তিস্তার তীরবর্তী এলাকায় নদীভাঙন তীব্র হয়েছে। নদীরক্ষা বাঁধের বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে এবং কয়েকটি স্থানে বাঁধ ধসে পড়ায় স্থানীয়দের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। পাশাপাশি শাকসবজি, ভুট্টা ও বাদামের ক্ষেতেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

ডোমার ও জলঢাকা উপজেলার নদীতীরবর্তী আটটি ইউনিয়নের বাসিন্দারা দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, ব্যবস্থা না নিলে ঘরবাড়ি, মসজিদ, কবরস্থান এবং বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হতে পারে।

এ ছাড়া ময়মনসিংহ অঞ্চলের সোমেশ্বরী, ভুগাই ও কংস নদের পানিও বাড়তে পারে। বৃহস্পতিবারের মধ্যে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সময়ে ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি আগামী পাঁচ দিন পর্যন্ত বাড়তে পারে এবং চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ

রাজশাহী চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ