কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে?

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 7, 2026 ইং
কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? ছবির ক্যাপশন:

কক্সবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। বাংলাদেশের মানুষ কখনো আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না।’

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ৫০০ শয্যার কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) আবাসিক ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সমুদ্রসম্পদ ও সমুদ্রবন্দরকে যথাযথভাবে কাজে লাগানো গেলে বিপুল পরিমাণ রাজস্ব আয় সম্ভব। ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে।

তিনি আরও বলেন, কক্সবাজারের পর্যটন শুধু লাবণী, সুগন্ধা, কলাতলী বা ইনানী সৈকতে সীমাবদ্ধ থাকবে না। পুরো ১২০ কিলোমিটার উপকূলজুড়ে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য কক্সবাজারকে একটি বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠা করা।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অতীতে পর্যাপ্ত বৈজ্ঞানিক জরিপ ছাড়াই কক্সবাজার, কুয়াকাটা ও সুনামগঞ্জের কয়েকটি এলাকাকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ) ঘোষণা করা হয়েছিল। এর ফলে পর্যটন খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো সম্ভব হয়নি। তাই নতুন করে বৈজ্ঞানিক জরিপের মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি বলেন, কক্সবাজারকে কেন্দ্র করে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে, যা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হওয়ার কথা। পাশাপাশি সামুদ্রিক শিক্ষা ও গবেষণা সম্প্রসারণে একটি মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পরিকল্পনাও সরকারের রয়েছে।

অনুষ্ঠানে উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্নাসহ স্থানীয় প্রশাসন ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
মন্ত্রণালয়কে ইবাদতখানা হিসেবে দেখেন শিক্ষামন্ত্রী

মন্ত্রণালয়কে ইবাদতখানা হিসেবে দেখেন শিক্ষামন্ত্রী