চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
ডনের পক্ষে আইনজীবী এম ফরিদুল ইসলাম, তারিকুল ইসলাম জুয়েলসহ কয়েকজন আইনজীবী জামিনের আবেদন করেন। তারা আদালতে দাবি করেন, এজাহার ও গ্রেপ্তারি পরোয়ানায় ডনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং তিনি কথিত ঘটনার সঙ্গে জড়িত নন। তবে রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।
এদিকে শুনানি শেষে সালমান শাহ হত্যা মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্টের স্ক্রিনশট দেখিয়ে সালমান শাহর ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন। তার দাবি, ‘মামুন’ নামে এক সালমান ভক্তের ফেসবুক লাইভের মন্তব্যে ‘সাকিল কিবরিয়া’ নামের একটি আইডি থেকে ওই হুমকি দেওয়া হয়।
আলমগীর কুমকুম জানান, এ ঘটনায় তারা রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করবেন। একই ঘটনায় সালমান ভক্ত মামুনও জানান, লাইভ চলাকালে হুমকির মন্তব্যটি করা হয়েছিল এবং স্ক্রিনশট নেওয়ার পর সেটি মুছে ফেলা হয়।
সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। গত ৯ আগস্ট সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষের তথ্যের ভিত্তিতে তাকে হেফাজতে নেয় সিআইডি।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান চিত্রনায়ক সালমান শাহ। প্রথমে তার মৃত্যুকে আত্মহত্যা বলা হলেও পরে হত্যা মামলা করা হয়। ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় আশরাফুল হক ডনসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
কসমিক ডেস্ক