প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও সামাজিক অন্তর্ভুক্তি জোরদারের লক্ষ্যে তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরাসরি সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ সচিবালয়ে দিনের সরকারি কর্মসূচির শুরুতেই তিনি তাদের হাতে নিয়োগপত্র হস্তান্তর করেন।

নিয়োগপত্র গ্রহণের সময় উপস্থিত সবাই নবনিয়োগপ্রাপ্তদের অভিনন্দন জানান। চাকরির নিয়োগপত্র হাতে পেয়ে তিনজনই উচ্ছ্বাস প্রকাশ করেন। তাদের ভাষ্য, এটি শুধু একটি চাকরি নয়; বরং নতুন কর্মজীবন এবং নতুন স্বপ্নের পথচলার সূচনা।

নিয়োগপ্রাপ্ত তিনজন হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

আয়শা আক্তার ও নীলা খাতুন দুজনই জন্মগতভাবে দুই হাতবিহীন। তারা পা দিয়ে লেখালেখি করে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছেন। নীলা খাতুনকে রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে আয়শা আক্তারকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের সময় আয়শা মুখ দিয়ে নিয়োগপত্রটি গ্রহণ করেন।

এদিকে দৃষ্টিপ্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করা এবং তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।

এদিকে তিন প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র প্রদান শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান বৃদ্ধি এবং সামাজিক অন্তর্ভুক্তি জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদের বাড়তি ভাড়া এখনো বহাল, চাপে যাত্রীরা

ঈদের বাড়তি ভাড়া এখনো বহাল, চাপে যাত্রীরা