এনআইডি সংশোধনে ৬৩ লাখ আবেদন, বাতিল প্রায় ১৩ লাখ: ইসি The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

এনআইডি সংশোধনে ৬৩ লাখ আবেদন, বাতিল প্রায় ১৩ লাখ: ইসি

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
এনআইডি সংশোধনে ৬৩ লাখ আবেদন, বাতিল প্রায় ১৩ লাখ: ইসি ছবির ক্যাপশন:

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের জন্য গত সাড়ে ছয় বছরে নির্বাচন কমিশনে (ইসি) ৬৩ লাখ ৭৮ হাজার ৭৩০টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৯৮ শতাংশ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। তবে যাচাই-বাছাই শেষে বিভিন্ন কারণে ১২ লাখ ৯৫ হাজার ৪৫৪টি আবেদন বাতিল বা প্রত্যাখ্যান করা হয়েছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের প্রস্তুত করা সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের শুরু থেকে ২০২৬ সালের ২ আগস্ট পর্যন্ত মোট ৬২ লাখ ৩০ হাজার ৫৯২টি আবেদন নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৪০ লাখ ৬১ হাজার ১৪৬টি আবেদন অনুমোদন পেয়েছে এবং বর্তমানে ১ লাখ ৪৭ হাজার ৭৭৮টি আবেদন বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়াধীন রয়েছে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নাম, জন্মতারিখ, ঠিকানা, পিতা-মাতার পরিচয়সহ বিভিন্ন তথ্য সংশোধনের জন্য নাগরিকরা আবেদন করে থাকেন। আবেদনের ধরন ও জটিলতার ওপর ভিত্তি করে উপজেলা, জেলা, আঞ্চলিক কিংবা ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে এসব আবেদন নিষ্পত্তি করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে উপজেলা নির্বাচন কর্মকর্তার এখতিয়ারভুক্ত ‘ক’ ক্যাটাগরিতে, যেখানে আবেদন হয়েছে ৪১ লাখ ২৭ হাজার ৯৩৭টি, যা মোট আবেদনের প্রায় ৬৫ শতাংশ। এছাড়া ‘খ’ ক্যাটাগরিতে ১২ লাখ ৪৩ হাজার ৮৪৬টি, ‘গ’ ক্যাটাগরিতে ৬ লাখ ২ হাজার ৭১৭টি, ‘ঘ’ ক্যাটাগরিতে ১ লাখ ৫৫ হাজার ৪৮৮টি, ‘ক-১’ ক্যাটাগরিতে ১ লাখ ৩৮ হাজার ৩৭২টি এবং ‘খ-১’ ক্যাটাগরিতে ১ লাখ ১০ হাজার ১০টি আবেদন জমা পড়েছে।

ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশনস) মো. সাইফুল ইসলাম জানান, চাকরির আবেদন, বিদেশযাত্রা কিংবা অন্যান্য জরুরি প্রয়োজনে যৌক্তিক কারণ উল্লেখ করে আবেদন করলে অগ্রাধিকার ভিত্তিতে তা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়।

এনআইডি সংশোধন প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করতে নির্বাচন কমিশন চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিশনের আশা, কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে নাগরিকদের জন্য এনআইডি সেবা আরও আধুনিক, দ্রুত এবং কার্যকর হবে।

ইসির সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শহীদ মিনার থেকে ধাওয়া খেয়ে পালালেন জাতীয় পার্টির নেতারা

শহীদ মিনার থেকে ধাওয়া খেয়ে পালালেন জাতীয় পার্টির নেতারা