মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর বিভিন্ন সড়কে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরায় মোটরসাইকেলের নম্বর সহজে শনাক্ত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে ১৮ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশদূষণ নিয়ন্ত্রণবিষয়ক এক সভায় মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ)।
তবে সিদ্ধান্ত বাস্তবায়নে বেশ কিছু বাস্তব জটিলতা রয়েছে। দেশে চলাচলকারী অধিকাংশ মোটরসাইকেলের সামনের অংশে বর্তমানে নম্বর প্লেট বসানোর জন্য নির্দিষ্ট কোনো জায়গা নেই। ফলে নতুন করে প্লেট সংযোজন করলে মোটরসাইকেলের নকশা, বায়ুপ্রবাহ ও নিরাপত্তায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।
এ বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করে মতামত দিতে গত ১৩ আগস্ট সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে বিআরটিএ। কমিটিকে নম্বর প্লেটের আকার, কোথায় এটি স্থাপন করা হবে এবং এআই ক্যামেরায় প্লেটটি কার্যকরভাবে শনাক্ত করা সম্ভব কি না—এসব বিষয় যাচাই করতে বলা হয়েছে।
কমিটিতে বিআরটিএ ও ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট এবং মোটরসাইকেল উৎপাদন ও আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের রাখা হয়েছে।
কমিটির পরীক্ষার ফল ও সুপারিশের ভিত্তিতে মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট বসানোর পদ্ধতি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণ করা হবে।
কসমিক ডেস্ক