জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার জন্য সিএনজি ও পেডেলচালিত রিকশা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপহার তাদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের শারীরিক অবস্থা, পরিবারের পরিস্থিতি ও জীবিকা সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে তাদের ভবিষ্যৎ জীবন ও কর্মসংস্থানের বিষয়ে কথা বলেন।
সিএনজিচালিত অটোরিকশা পেয়েছেন নড়াইলের লোহাগড়া উপজেলার বাসিন্দা এবং মিরপুর বাঙলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আজিজ শেখ। তিনি সিএনজি চালিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি পরিবারের ভরণপোষণ করেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় মিরপুর-১০ এলাকায় অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে ৩৬টি গুলির স্প্লিন্টার বিদ্ধ হয়। উপহার দেওয়ার সময় প্রধানমন্ত্রী তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার তাগিদ দেন।
কুষ্টিয়ার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা মো. গফফারকে দুটি পেডেলচালিত রিকশা উপহার দেওয়া হয়। আন্দোলনের সময় তিনি মহাখালী এলাকায় আন্দোলনকারীদের নিয়মিত পানি সরবরাহের পাশাপাশি নিজের রিকশায় আহতদের হাসপাতালে পৌঁছে দেন। উপহার পাওয়া একটি রিকশা ঢাকায় চালিয়ে জীবিকা নির্বাহ এবং অন্যটি ভাড়া দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
এ ছাড়া বগুড়ার গাবতলী উপজেলার ৬৫ বছর বয়সী আসাদুল হক বিশুকে দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উপহার দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতেও চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিএনপির সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক