ইরান চুক্তি না হলে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন ট্রাম্প The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

ইরান চুক্তি না হলে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন ট্রাম্প

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 5, 2026 ইং
ইরান চুক্তি না হলে কঠোর ব্যবস্থা, সতর্ক করলেন ট্রাম্প ছবির ক্যাপশন:

ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা ভেস্তে গেলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বিকল্প থাকবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ তথ্য প্রকাশ করেছে।

সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, এক পর্যায়ে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছিল। তবে সেই সময় ইরানি কর্মকর্তারা যোগাযোগ করে আলোচনার আগ্রহ প্রকাশ করেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, তিনি আলোচনায় সম্মতি দেন এবং সংকটের শান্তিপূর্ণ সমাধানের সুযোগ তৈরি হয়।

তিনি বলেন, ইরান যদি আবারও আলোচনার পথ থেকে সরে যায়, তাহলে যুক্তরাষ্ট্র কঠোরভাবে প্রতিক্রিয়া জানাবে। ট্রাম্পের দাবি, তেহরানও এ বিষয়ে অবগত এবং জানে যে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবে না।

মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে এ অগ্রগতির বিষয়টি নিশ্চিত করেনি। ট্রাম্প বলেন, আলোচনার ফলাফলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি সমঝোতা হয়, তবে তা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক হবে; আর ব্যর্থ হলে পরিস্থিতি দুঃখজনক দিকে মোড় নিতে পারে।

তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালিতে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হলে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা কমে এলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও ইতিবাচক প্রভাব পড়বে। এতে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে আসতে পারে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তেল কোম্পানিগুলোর প্রতি জ্বালানির দাম কমানোর আহ্বান জানান ট্রাম্প।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইরান ও ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুদ্ধবিরতি পুনর্বহালের লক্ষ্যে একটি অন্তর্বর্তী সমঝোতার বিষয়ে অগ্রগতি হয়েছে। অপরদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আলোচনা এখনও চূড়ান্ত হয়নি, তবে খুব শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানোর আশা করছেন তারা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস বেলুনে আটকে কারওয়ান বাজারে বন্ধ মেট্রোরেল চলাচল

গ্যাস বেলুনে আটকে কারওয়ান বাজারে বন্ধ মেট্রোরেল চলাচল