বঙ্গোপসাগরে টানা ৩৬ দিন ভাসমান থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালীর জেলেরা। উদ্ধার হওয়া দুই ব্যক্তি বাবা-ছেলে এবং তারা শ্রীলঙ্কার নাগরিক বলে জানা গেছে।
শনিবার সাগর থেকে মাছ ধরে ফেরার পথে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমানের মালিকানাধীন একটি ফিশিং বোটের জেলেরা গুলিরধার এলাকায় একটি ভাসমান মাছ ধরার নৌকা দেখতে পান। প্রথমে তারা ধারণা করেন, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে সাগরে আটকে আছে।
পরে নৌকাটির কাছে গিয়ে দেখা যায়, ভেতরে থাকা দুই জেলে অসুস্থ ও দুর্বল অবস্থায় পড়ে আছেন। মানবিক বিবেচনায় তাদের উদ্ধার করে নিজেদের নৌকায় তুলে তীরে নিয়ে আসেন বাংলাদেশি জেলেরা।
বর্তমানে উদ্ধার হওয়া দুই শ্রীলঙ্কান জেলে মহেশখালীর কুতুবজোম এলাকায় জিয়াউর রহমানের বাড়িতে অস্থায়ীভাবে আশ্রয়ে রয়েছেন। তাদের ব্যবহৃত ড্যানিশ ফিশিং বোটটি উদ্ধারকারী নৌকার সঙ্গে বেঁধে তাজিয়াকাটা ঘাটে নিয়ে রাখা হয়েছে।
খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। পরে দুই বিদেশি নাগরিককে মহেশখালী থানায় নেওয়া হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, উদ্ধার হওয়া দুই জেলের স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রাষ্ট্রীয় আইন ও প্রচলিত বিধি অনুসরণ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
কসমিক ডেস্ক