দুই সপ্তাহে ১৪ বার ‘চুরি’, এশীয় কালো ভালুকের খোঁজে জাপানের পুলিশ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

দুই সপ্তাহে ১৪ বার ‘চুরি’, এশীয় কালো ভালুকের খোঁজে জাপানের পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 18, 2026 ইং
দুই সপ্তাহে ১৪ বার ‘চুরি’, এশীয় কালো ভালুকের খোঁজে জাপানের পুলিশ ছবির ক্যাপশন:

জাপানের উত্তর-পূর্বাঞ্চলের শিজুকুইশি শহরে এক এশীয় কালো ভালুককে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আতঙ্ক। গত দুই সপ্তাহে অন্তত ১৪টি চুরির ঘটনার সঙ্গে একই ভালুক জড়িত থাকতে পারে বলে ধারণা করছে দেশটির পুলিশ। বাড়িতে ঢুকে ফ্রিজ খুলে খাবার খাওয়া থেকে শুরু করে মিষ্টির দোকান থেকে ডোনাট নিয়ে যাওয়ার ঘটনাও ঘটিয়েছে প্রাণীটি।

সর্বশেষ সোমবার সন্ধ্যায় ৮৭ বছর বয়সী মিৎসুও মাতসুবারা রান্নাঘর থেকে অস্বাভাবিক শব্দ শুনে সেখানে গিয়ে একটি বড় এশীয় কালো ভালুক দেখতে পান। ভালুকটি তার বাড়ির ফ্রিজ খুলে খাবার বের করে মেঝেতে ছড়িয়ে রেখেছিল। পরে তার স্ত্রী পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পৌঁছান।

কর্তৃপক্ষ জানিয়েছে, এ পর্যন্ত শহরের অন্তত পাঁচটি বাড়িতে ভালুকের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। তদন্তকারীদের ধারণা, একই ভালুক বারবার এসব বাড়িতে ঢুকছে। প্রাণীটিকে ধরতে বিভিন্ন স্থানে ফাঁদ বসানো হয়েছে। এছাড়া যেসব বাড়িতে একাধিকবার অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, সেগুলোর চারপাশে বৈদ্যুতিক বেড়া স্থাপন করা হয়েছে এবং স্থানীয়দের নিরাপত্তায় অতিরিক্ত টহলের ব্যবস্থা করা হয়েছে।

গত শুক্রবার আরও একটি নাটকীয় ঘটনা ঘটে। এক ব্যক্তি বাজার থেকে ফিরে দেখেন, তার বৃদ্ধ বাবা যে ঘরে ঘুমাচ্ছিলেন, তার কাছেই একটি ভালুক ঘরের ভেতরে ঢুকে পড়েছে। তিনি পাশের দরজায় জোরে আঘাত করলে ভালুকটি বেরিয়ে গেলেও কিছুক্ষণ পর আবার ঢোকার চেষ্টা করে। তখন ভালুকটি পেছনের দুই পায়ে দাঁড়িয়ে স্লাইডিং দরজা ঠেলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে প্রায় ৩০ সেকেন্ড ধরে দরজা চেপে ধরে রাখেন ওই ব্যক্তি। তার ভাষ্য অনুযায়ী, ভালুকটির উচ্চতা প্রায় ১.৬৫ মিটার (৫ ফুট ৫ ইঞ্চি)

পরদিন সন্ধ্যায় আরেক নারী তার রান্নাঘরে একটি ভালুককে খাবার খুঁজতে দেখেন। পরে একই ভালুক একটি জাপানি মিষ্টির দোকানে ঢুকে ফ্রিজ থেকে ডোনাট নিয়ে যায়। কর্মকর্তাদের ধারণা, প্রাণীটির মিষ্টি খাবারের প্রতি বিশেষ আকর্ষণ রয়েছে। কারণ, একটি বাড়িতে এটি পাঁচবার ঢুকে কুকিজ, চিনি এবং কারিন্তো নামের জনপ্রিয় জাপানি মিষ্টি খেয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে জাপানে ভালুকের আক্রমণ ও মানুষের বসতিতে অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে ভালুকের হামলায় রেকর্ড ১৩ জন নিহত হয়েছেন। চলতি অর্থবছরের শুরু, অর্থাৎ ১ এপ্রিলের পর থেকে আরও অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছেন। নিহতদের সবাই উত্তর-পূর্ব জাপানের তোহোকু অঞ্চলের বাসিন্দা।

বিশেষজ্ঞদের মতে, গ্রামাঞ্চলে জনসংখ্যা কমে যাওয়া, বনাঞ্চলে খাদ্যের সংকট এবং মানুষের উপস্থিতির সঙ্গে ভালুকের অভ্যস্ত হয়ে ওঠা—এসব কারণে তারা আগের তুলনায় মানুষের বসতিতে ঢুকতে কম ভয় পাচ্ছে। ফলে শহর ও জনবসতিপূর্ণ এলাকায় এশীয় কালো ভালুকের উপস্থিতি এবং মানুষের সঙ্গে সংঘাতের ঝুঁকি বাড়ছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা প্রদানের সময় সাধারণের প্রবেশ নিষিদ্

স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা প্রদানের সময় সাধারণের প্রবেশ নিষিদ্