পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুনরায় খুলতে যুক্তরাষ্ট্রকে ছয়টি শর্ত দিয়েছে ইরান। এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধ রাখার অবস্থান জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেছেন, হরমুজ খুলতে হলে যুক্তরাষ্ট্রকে আগে তাদের নীতিগত ও সামরিক আচরণ পরিবর্তন করতে হবে।
ইরানের পক্ষ থেকে জানানো ছয়টি শর্তের মধ্যে রয়েছে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বিরুদ্ধে হুমকি বন্ধ করা, ইরান ও দেশটির আঞ্চলিক মিত্রদের বিরুদ্ধে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ করা এবং ইরানের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।
এ ছাড়া হরমুজ প্রণালিতে নৌ-অবরোধে যুক্তরাষ্ট্রের অংশ নেওয়া নৌ ও বিমানবাহিনী প্রত্যাহার, সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ প্রদান এবং বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ বা অর্থ ছেড়ে দেওয়ার দাবিও জানিয়েছে তেহরান।
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের এক কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের নীতিতে পরিবর্তন না আনা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে।
এক বিবৃতিতে মোহাম্মদ বাঘের জোলঘাদর বলেন, এসব দাবি ইরানের জনগণের ইচ্ছার প্রতিফলন। যুদ্ধ কিংবা আলোচনা—যে পরিস্থিতিই হোক, সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এসব দাবি থেকে সরে আসবে না।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হওয়ায় এটি দীর্ঘ সময় বন্ধ থাকলে আন্তর্জাতিক তেল সরবরাহ ও বৈশ্বিক জ্বালানি বাজারে এর প্রভাব পড়তে পারে। এ কারণে প্রণালিটি পুনরায় চালু করা নিয়ে আন্তর্জাতিক মহলেও বিশেষ গুরুত্ব রয়েছে।
কসমিক ডেস্ক