ভারতে উটের সঙ্গে সেনাবাহিনীর একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) সংঘর্ষের ঘটনায় মেজর হামজা আরিফ নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই সেনা কর্মকর্তা। আহতদের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় মধ্যপ্রদেশের বাসিন্দা ২৬ বছর বয়সী মেজর হামজা আরিফ গাড়িটি চালাচ্ছিলেন। পথ চলার সময় হঠাৎ একটি উট সড়কে উঠে এলে সেটির সঙ্গে গাড়ির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সেনাবাহিনীর এসইউভিটি নিয়ন্ত্রণ হারিয়ে চার থেকে পাঁচবার উল্টে যায় এবং প্রায় ১০০ মিটার দূরে গিয়ে থামে।
দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন সেনা কর্মকর্তাকে উদ্ধার করে নিকটস্থ সেনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেজর হামজা আরিফকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত দুই সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট আয়ুষ্মান এবং লেফটেন্যান্ট অভিনব রাঠোর। তারা বর্তমানে সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ আরও জানিয়েছে, নিহত মেজর হামজা আরিফের বিয়ে হয়েছিল মাত্র এক মাস আগে। তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার পর দুর্ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়কে হঠাৎ উট চলে আসার কারণেই দুর্ঘটনাটি ঘটে। এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
কসমিক ডেস্ক