বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলাসবহুল জীবনযাপন বরাবরই ভক্তদের আগ্রহের বিষয়। এবার নিজের ব্যক্তিগত গাড়ির সংগ্রহের ছবি প্রকাশ করে সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছেন পর্তুগিজ এই তারকা। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক ছবি পোস্ট করে রোনালদো ক্যাপশনে লিখেছেন, ‘মাই টয়েস’ বা ‘আমার খেলনা’।
রোনালদো উচ্চক্ষমতাসম্পন্ন ও বিলাসবহুল গাড়ির প্রতি তার আগ্রহের কথা বহুবার জানিয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে তার গাড়ির সংগ্রহে প্রায় ৪০ থেকে ৪১টি গাড়ি থাকার কথা উল্লেখ করা হয়। যদিও ঠিক কতটি গাড়ির মালিক তিনি, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তালিকা প্রকাশ করেননি এই ফুটবলার।
সাম্প্রতিক ছবিতে তার সংগ্রহে থাকা বেশ কয়েকটি বিরল হাইপারকার দেখা গেছে। এর মধ্যে রয়েছে বুগাটি ভেরন ১৬.৪ গ্র্যান্ড স্পোর্ট ভিটেস, কাস্টমাইজ করা বুগাটি চিরন এবং অত্যন্ত দুর্লভ বুগাটি সেন্তো দিয়েচি। এছাড়া প্রায় ৩২ লাখ পাউন্ড মূল্যের বুগাটি ট্যুরবিলনও তার সংগ্রহের নতুন সংযোজন হিসেবে আলোচনায় এসেছে।
রোনালদোর গ্যারেজে রয়েছে মার্সিডিজ-এএমজি ওয়ানও। ফর্মুলা ওয়ান প্রযুক্তির আদলে তৈরি এই গাড়ি সীমিত সংখ্যায় উৎপাদন করা হয়েছে। পাশাপাশি ফেরারি ব্র্যান্ডের একাধিক বিশেষ মডেলও রয়েছে তার সংগ্রহে। ছবিতে ফেরারি পুরোসাং, ফেরারি ডেটোনা এসপি৩, ফেরারি মনজা এসপি১ এবং ফেরারি ৫৯৯ জিটিও দেখা গেছে। তার সংগ্রহে ফেরারি লাফেরারিও থাকার কথা বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
ব্রিটিশ ব্র্যান্ড ম্যাকলারেনের সেনা ও স্পিডটেইলও রয়েছে রোনালদোর গাড়ির বহরে। এসব গাড়ির পাশাপাশি সৌদি ক্লাব আল নাসর থেকেও উপহার হিসেবে বিএমডব্লিউ গাড়ি পেয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর বর্তমানে ছুটিতে রয়েছেন রোনালদো। পরিবার নিয়ে সময় কাটানোর পাশাপাশি শিগগিরই আল নাসরের প্রাক-মৌসুম প্রস্তুতিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার। নতুন মৌসুম শুরুর আগে তার গাড়ির এই সংগ্রহ ভক্তদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করেছে।
কসমিক ডেস্ক