অস্ট্রেলিয়ায় ভয়াবহ এক আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ব্রিটিশ অভিনেত্রী এমা হুসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘানা থেকে অস্ট্রেলিয়ার সিডনিতে প্রায় ৩০০ কেজির বেশি মেথামফেটামিন পাচারের চেষ্টার সঙ্গে তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে।
পুলিশ জানায়, ঘানা থেকে আসা দুটি শিপিং কনটেইনার সিডনি বন্দরে এক্স-রে করার সময় সন্দেহজনক কিছু ধরা পড়ে। পরে তদন্তে দেখা যায়, সাধারণ কাঠকয়লার ব্যাগের আড়ালে লুকানো ছিল প্রায় ৩২০ কেজি মেথামফেটামিন, যার বাজারমূল্য প্রায় ২৯৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার।
অস্ট্রেলিয়ান সীমান্ত কর্তৃপক্ষ জানায়, তারা আগেই মাদকগুলো সরিয়ে নিয়ে কনটেইনারটিকে নজরদারিতে রেখে একটি গুদামে পৌঁছানোর ব্যবস্থা করে। সেখানেই সন্দেহভাজনরা এসে পুরো কার্যক্রম তদারকি করছিলেন বলে অভিযোগ রয়েছে। তদন্তে উঠে আসে, এমা হুসেন নিজে ওই গুদামে উপস্থিত থেকে কনটেইনার খোলা ও মালামাল সরানোর প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এরপর কয়েকটি ব্যাগ একটি গাড়িতে লোড করে একটি বাড়িতে নেওয়া হয়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস ও একটি নোটবুক জব্দ করা হয়।
এমা হুসেন ব্রিটিশ টিভি সিরিজ ‘ইস্টএন্ডার্স’-এর স্পিন-অফ ‘ই২০’ এবং জেসন স্ট্যাথাম অভিনীত ‘হামিংবার্ড’ সিনেমায় অভিনয় করেছিলেন। এত বড় মাদক মামলায় তার জড়িত থাকার অভিযোগ আন্তর্জাতিকভাবে আলোচনার সৃষ্টি করেছে।
এই ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা সিডনিতে ভুয়া পরিচয় ব্যবহার করে স্টোরেজ ইউনিট ভাড়া করে মাদক লুকানোর কাজে সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স জানিয়েছে, অত্যাধুনিক কৌশলে লুকানো হলেও দক্ষ নজরদারির মাধ্যমে এই বিশাল মাদক চালান ধরা সম্ভব হয়েছে। মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে এবং আগামী আগস্ট মাসে আদালতে নতুন শুনানি অনুষ্ঠিত হবে।
কসমিক ডেস্ক