প্রাগৈতিহাসিক মানুষ কেন পুরুষ নয়, স্ত্রী ম্যামথ শিকার করত? The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

প্রাগৈতিহাসিক মানুষ কেন পুরুষ নয়, স্ত্রী ম্যামথ শিকার করত?

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
প্রাগৈতিহাসিক মানুষ কেন পুরুষ নয়, স্ত্রী ম্যামথ শিকার করত? ছবির ক্যাপশন:

বরফ যুগের মানুষ শুধু খাদ্যের জন্য শিকার করত না, বরং কোন প্রাণী শিকার করলে বেশি সুবিধা পাওয়া যাবে, সেটিও কৌশলগতভাবে বিবেচনা করত। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, প্রাগৈতিহাসিক মানুষের প্রধান লক্ষ্য ছিল স্ত্রী উলি ম্যামথ। গবেষকদের মতে, তাদের আচরণ, চলাফেরার ধরন এবং তুলনামূলক ছোট আকারের কারণে স্ত্রী ম্যামথ শিকার করা অপেক্ষাকৃত সহজ ছিল।

Current Biology সাময়িকীতে প্রকাশিত এই গবেষণায় পোল্যান্ড, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, জার্মানি ও রাশিয়ার ১১টি প্রত্নতাত্ত্বিক স্থান থেকে উদ্ধার হওয়া ৫২১টি ম্যামথের প্রাচীন ডিএনএ বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে মানুষের শিকারের স্থান থেকে পাওয়া ১০০টি ম্যামথের হাড়ের প্রায় ৭০ শতাংশই ছিল স্ত্রী ম্যামথের, আর মাত্র ৩০ শতাংশ ছিল পুরুষের। বিপরীতে প্রাকৃতিকভাবে সংরক্ষিত হাড়ের মধ্যে প্রায় ৬৬ শতাংশই ছিল পুরুষ ম্যামথের।

গবেষকদের মতে, আধুনিক আফ্রিকান ও এশীয় হাতির মতো স্ত্রী ম্যামথরাও পরিবারভিত্তিক দলে বাস করত। একটি অভিজ্ঞ স্ত্রী ম্যামথ পুরো পালকে নেতৃত্ব দিত এবং একই এলাকায় নিয়মিত চলাফেরা করত। ফলে শিকারিরা সহজেই তাদের অবস্থান নির্ধারণ করে পরিকল্পিতভাবে আক্রমণ করতে পারত।

অন্যদিকে পূর্ণবয়স্ক পুরুষ ম্যামথ সাধারণত একাই বিচরণ করত এবং অনেক দূর পর্যন্ত ঘুরে বেড়াত। এছাড়া একটি পুরুষ ম্যামথের ওজন প্রায় ৬ টন এবং উচ্চতা ৩.৪ মিটার পর্যন্ত হতে পারলেও স্ত্রী ম্যামথের ওজন ছিল প্রায় ৪ টন এবং উচ্চতা ২.৯ মিটার। এই আকারগত পার্থক্যও স্ত্রী ম্যামথকে অপেক্ষাকৃত সহজ শিকারে পরিণত করেছিল।

প্রাগৈতিহাসিক মানুষের কাছে একটি ম্যামথ ছিল বহুমূল্য সম্পদ। এর মাংস ও চর্বি দীর্ঘ সময় খাদ্যের জোগান দিত, চামড়া দিয়ে তৈরি হতো শীতের পোশাক, আর দাঁত ও হাড় ব্যবহার করা হতো বর্শা, ছুরি, সূঁচ, অলংকার এবং আশ্রয়স্থল নির্মাণে।

গবেষকদের ধারণা, দলবদ্ধ শিকারিরা জলাভূমি, কাদা কিংবা খাড়া ঢালের দিকে ম্যামথের পালকে তাড়িয়ে নিয়ে গিয়ে বর্শা ও অন্যান্য অস্ত্র দিয়ে আক্রমণ করত। বিজ্ঞানীরা মনে করছেন, ভবিষ্যতে প্রাচীন ডিএনএ নিয়ে আরও গবেষণা বরফ যুগের মানুষের জীবনধারা, শিকারের কৌশল এবং ম্যামথ বিলুপ্তির প্রকৃত কারণ সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য উন্মোচন করবে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ফেসবুক লাইভে এসে কাঁদলেন যুবদল নেতা

ফেসবুক লাইভে এসে কাঁদলেন যুবদল নেতা