তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, একটি উন্নত রাষ্ট্র গঠনে দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহি একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করে। আর এই জবাবদিহির অন্যতম প্রধান মাধ্যম হলো স্বাধীন গণমাধ্যম। তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা, যার মূল উপকারভোগী হলো সাধারণ জনগণ।
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, নীতিনিষ্ঠা, দেশপ্রেম এবং পেশাগত সততার সঙ্গে কাজ করতে হবে। বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সেগুলো মোকাবিলা করাই সাংবাদিকদের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, সাংবাদিকদের কাজ হলো সমাজের অসুবিধাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়ভাবে সুবিধাভোগীদের প্রশ্নবিদ্ধ করা। তিনি সমালোচনা ও কুৎসার পার্থক্য বোঝার ওপরও গুরুত্ব দেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কসমিক ডেস্ক