লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় একটি বসতবাড়ির পুকুর থেকে আরিফ হোসেন (৩৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে নয়টার দিকে লক্ষ্মীপুর-রামগতি আঞ্চলিক সড়কের তোরাবগঞ্জ বাজারের নিকটবর্তী সেলিম চেয়ারম্যানের বাড়ির দরজার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আরিফ হোসেন কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লুতু মুন্সী বাড়ির মাওলানা আক্তার হোসেনের ছেলে। তিনি স্থানীয় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে ভ্রাম্যমাণ চকলেট ও চানাচুর বিক্রির দোকান করতেন। তার মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আরিফ হোসেন মানসিকভাবে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন। তিনি প্রতিদিন ভোরে বাজারে গিয়ে নাস্তা করতেন এবং পরে কাজ শুরু করতেন। ঘটনার দিনও তিনি সকালে বাজারে গিয়ে নাস্তা করেন বলে জানা গেছে।
স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে সেলিম চেয়ারম্যানের বাড়ির দরজার পুকুরে তার গায়ের লুঙ্গি, জুতা ও গেঞ্জি দেখতে পান কয়েকজন। পরে সন্দেহ হলে তারা পানিতে নেমে মরদেহ দেখতে পান এবং চিৎকার শুরু করেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা পুলিশকে জানায়।
নিহতের মামা সুলতান আহাম্মদ টিপু জানান, আরিফ হোসেন দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন এবং নিয়মিত ওষুধ গ্রহণ করতেন। তিনি বিবাহিত ছিলেন এবং তার দুটি সন্তান রয়েছে। তবে কীভাবে বা কেন তিনি পুকুরে গেলেন, তা স্পষ্ট নয় বলে জানান তিনি।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত ও ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় শোক ও রহস্যের পরিবেশ বিরাজ করছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।
কসমিক ডেস্ক