যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেকার্সফিল্ড শহরের একটি ব্যাংকে দীর্ঘ সময় ধরে চলা জিম্মি পরিস্থিতির অবসান ঘটেছে। এফবিআইয়ের অভিযানে জিম্মি সৃষ্টিকারী সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ বুধবার নিশ্চিত করেছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে সব জিম্মিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি শুরু হয় মঙ্গলবার, যখন বেকার্সফিল্ড শহরের একটি বহুতল চেজ ব্যাংক ভবনের ভেতরে কয়েকজনকে জিম্মি করে নিজেকে অবরুদ্ধ করে রাখে ওই ব্যক্তি। প্রাথমিকভাবে বোমা হামলার হুমকির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। শহরটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৭৭ কিলোমিটার উত্তরে অবস্থিত।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শুরু থেকেই কৌশলগতভাবে অভিযান পরিচালনা করে। আলোচনার মাধ্যমে প্রথম ধাপে দুইজন জিম্মিকে মুক্ত করা সম্ভব হয়। পরবর্তীতে বুধবার অবশিষ্ট জিম্মিদেরও নিরাপদে উদ্ধার করা হয় বলে কর্তৃপক্ষ জানায়।
অভিযান চলাকালে স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। সিটি হল, পুলিশ সদর দপ্তর, আশপাশের কয়েকটি ভবন এবং একাধিক সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পুলিশের বিভিন্ন ইউনিট—সোয়াট টিম, বোমা নিষ্ক্রিয়করণ দল, কে-নাইন ইউনিট, ড্রোন টিম এবং আলোচক দল—একযোগে কাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (FBI)-এর বিশেষ জিম্মি উদ্ধারকারী দলও অভিযানে অংশ নেয় বলে জানা গেছে। দীর্ঘ আলোচনার পরও সন্দেহভাজন ব্যক্তি আত্মসমর্পণ না করায় শেষ পর্যন্ত অভিযান চালানো হয়, যেখানে তিনি নিহত হন।
চেজ ব্যাংক কর্তৃপক্ষ জানায়, ঘটনার সময় শাখাটি খালি করা হয়েছিল এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি মোকাবিলা করা হয়।
ঘটনার কারণ ও সন্দেহভাজন ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে স্থানীয় প্রশাসন পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
এই ঘটনায় কোনো জিম্মির প্রাণহানি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ, তবে দীর্ঘ সময়ের এই জিম্মি পরিস্থিতি এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
কসমিক ডেস্ক