বরগুনার পাথরঘাটা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আরাফাত রহমান অভি নামের ছাত্রদলের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (০২ মে) রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ইমান আলী সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে আরাফাত রহমান অভির কাছ থেকে ৫১০ পিস ইয়াবা এবং মাদক ক্রয়-বিক্রয়ের জন্য রাখা নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আটক আরাফাত রহমান অভি পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ছিলেন এবং তিনি ওই এলাকার বাসিন্দা মো. আনসার আলীর ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম শরিফ বলেন, আরাফাত রহমান অভি বর্তমানে দলের কোনো পদে নেই। তিনি দাবি করেন, সংগঠন হিসেবে ছাত্রদল মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এ ধরনের কর্মকাণ্ডের দায়ভার তারা নেবে না।
উপজেলা ছাত্রদলের সভাপতি কে এম হাসিবুল্লাহও একই ধরনের মন্তব্য করে বলেন, মাদকবিরোধী অবস্থানে তাদের সংগঠন সক্রিয় রয়েছে এবং মাদকসেবীদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
কসমিক ডেস্ক