রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার নতুন সুযোগ ঘোষণা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার নতুন সুযোগ ঘোষণা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 29, 2026 ইং
রোমানিয়ায় বাংলাদেশি কর্মীদের বৈধ হওয়ার নতুন সুযোগ ঘোষণা ছবির ক্যাপশন:

রোমানিয়ায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি কর্মীদের জন্য বৈধ হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে। নতুন সরকারি উদ্যোগের আওতায় নন-ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর অবৈধ শ্রমিকরা নির্দিষ্ট শর্ত পূরণ করে বৈধ হওয়ার আবেদন করতে পারবেন। এই সুযোগ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার দূতাবাসের পক্ষ থেকে এক জরুরি ঘোষণায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোমানিয়ার সরকারি জরুরি অধ্যাদেশ নং-৩২ (২৩ এপ্রিল ২০২৬) এবং অফিসিয়াল গেজেট নং–৩৩৫ (২৭ এপ্রিল ২০২৬)-এ প্রকাশিত রাজক্ষমা (অ্যামনেস্টি) কর্মসূচির অনুচ্ছেদ-৫২ অনুযায়ী এই সুযোগ দেওয়া হয়েছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য হলো, যেসব বিদেশি কর্মী বিভিন্ন কারণে অনিচ্ছাকৃতভাবে অবৈধ অবস্থায় চলে গেছেন, তাদের জন্য বৈধ হওয়ার পথ উন্মুক্ত করা। বিশেষ করে বাংলাদেশসহ বিভিন্ন দেশের শ্রমিকরা, যারা বৈধভাবে প্রবেশ করলেও পরবর্তীতে প্রশাসনিক বা কর্মসংস্থানজনিত সমস্যার কারণে অবৈধ হয়ে পড়েছেন, তারা এই সুবিধা নিতে পারবেন।

দূতাবাস জানায়, অনেক শ্রমিক ওয়ার্ক ভিসায় রোমানিয়ায় প্রবেশ করার পর নির্দিষ্ট কোম্পানির নিয়োগ না পাওয়ায় ৯০ দিনের মধ্যে নতুন চাকরি না পেলে অবৈধ হয়ে পড়েন। আবার কিছু ক্ষেত্রে নিয়োগকর্তা কর্মীদের বেতন থেকে ট্যাক্স কেটে নিলেও তা সরকারের কাছে জমা দেয় না, অথবা সময়মতো টিআরসি (TRC) আবেদন সম্পন্ন করে না। এসব কারণে অনেক শ্রমিক অনিচ্ছাকৃতভাবে আইনি জটিলতায় পড়ে যান।

নতুন এই কর্মসূচির মাধ্যমে এমন সমস্যায় পড়া শ্রমিকদের রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যারা ইতোমধ্যে অবৈধ অবস্থায় আছেন, তাদেরকে আইন কার্যকরের ৬০ দিনের মধ্যে আবেদন করতে হবে।

তবে কিছু নির্দিষ্ট শ্রেণির ব্যক্তি এই সুবিধার আওতায় পড়বেন না বলে জানানো হয়েছে। যেসব ব্যক্তি ইতোমধ্যে ‘রিটার্ন ডিসিশন’ বা দেশে ফেরার নির্দেশ পেয়েছেন এবং যারা অবৈধভাবে রোমানিয়ায় প্রবেশ করেছেন, তারা এই অ্যামনেস্টি কর্মসূচির সুবিধা নিতে পারবেন না। তাদের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রোমানিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বাংলাদেশ দূতাবাস এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এতে বহু বাংলাদেশি কর্মী যারা দীর্ঘদিন ধরে অনিশ্চিত অবস্থায় ছিলেন, তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন এবং স্বাভাবিক কর্মজীবনে ফিরে যেতে পারবেন।

প্রবাসী শ্রমিকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইউরোপে কর্মরত বাংলাদেশিদের মধ্যে যারা আইনি জটিলতায় আছেন, তাদের জন্য এই সিদ্ধান্ত স্বস্তির খবর হিসেবে এসেছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের অ্যামনেস্টি কর্মসূচি শুধু শ্রমিকদেরই নয়, সংশ্লিষ্ট দেশের শ্রমবাজার ও প্রশাসনিক ব্যবস্থাকেও আরও সুশৃঙ্খল করতে সহায়তা করে। ফলে রোমানিয়ার এই উদ্যোগ দুই পক্ষের জন্যই ইতিবাচক প্রভাব ফেলতে পারে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদে ৫৩ হাজার ৬৯ জনের আবেদ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান পদে ৫৩ হাজার ৬৯ জনের আবেদ