কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জিম্বংখালী সীমান্ত এলাকা থেকে এই মাদকের চালানটি জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বড় একটি মাদক চালান বাংলাদেশে প্রবেশ করবে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং জিম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী সাকেরের ঘের এলাকায় অবস্থান নেয়।
ভোররাত আনুমানিক ৩টার দিকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পালিয়ে যায়। তারা পার্শ্ববর্তী জলাশয় দিয়ে সাঁতরে পুনরায় মিয়ানমারের দিকে চলে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো খাকী রঙের বায়ুরোধী ৪২টি কার্টন উদ্ধার করা হয়। এসব কার্টনে মোট ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পালিয়ে যাওয়া চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টরা বলছেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে টেকনাফ অঞ্চল দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।
কসমিক ডেস্ক