রায়পুরে চোর উদ্ধারে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, সড়ক অবরোধ The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

রায়পুরে চোর উদ্ধারে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, সড়ক অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 27, 2026 ইং
রায়পুরে চোর উদ্ধারে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ, সড়ক অবরোধ ছবির ক্যাপশন:

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়ক প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধ করে রাখেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার সোনাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হায়দর আলী বেপারী বাড়ির বাসিন্দা শাহ আলম ইফতারের সময় তার অটোরিকশাটি সড়কের পাশে রেখে যান। কিছুক্ষণ পর সেটি চুরি হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আশপাশে খোঁজ করে চার সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় এবং অটোরিকশাটি উদ্ধার করা সম্ভব হয়। তবে অভিযোগ রয়েছে, ব্যাটারিগুলো আগেই অন্যত্র বিক্রি করে দেওয়া হয়।

আটক ব্যক্তিদের বাড়িতে নিয়ে ব্যাটারির খোঁজে জিজ্ঞাসাবাদ ও মারধরের ঘটনা ঘটে বলে জানা যায়। রাত সাড়ে ৮টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক চারজনকে উদ্ধার করে থানায় নেওয়ার উদ্যোগ নেয়। কিন্তু স্থানীয়রা ব্যাটারি উদ্ধার না হওয়া পর্যন্ত তাদের ছাড়বে না বলে জানালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে ধস্তাধস্তি ও হামলা-মারামারির ঘটনা ঘটে। পুলিশ জানায়, অভিযুক্তদের উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে এক উপপরিদর্শকসহ চার পুলিশ সদস্য আহত হন। অন্যদিকে স্থানীয়দের দাবি, পুলিশের লাঠিচার্জে তাদের অন্তত ১৫ থেকে ১৬ জন আহত হয়েছেন। সব মিলিয়ে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের পর পুলিশ সাময়িকভাবে ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা চৈতাইল্যা দিঘির পাড় এলাকায় সড়কে অগ্নিসংযোগ করে অবরোধ শুরু করেন। রাত ১০টা থেকে রাত দেড়টা পর্যন্ত লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, চারজনকে আটকে রেখে মারধরের তথ্য পেয়ে মোবাইল টিম ঘটনাস্থলে যায়। অনেক চেষ্টার পর অভিযুক্তদের উদ্ধার করা সম্ভব হয়। তিনি বলেন, আটক চারজন বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। অটোরিকশা মালিক মামলা করলে তা গ্রহণ করা হবে এবং পুলিশের ওপর হামলার ঘটনায়ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তীতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা-৮ আসনে পুনঃগণনা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকা-৮ আসনে পুনঃগণনা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী