ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা অভিনয়ের পাশাপাশি শুরু করেছেন নতুন পেশাজীবন। প্রায় তিন মাস ধরে দেশের একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে কাজ করছেন তিনি।
নতুন কর্মপরিবেশ ও সহকর্মীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন তমা। ব্যাংকে কাজের অভিজ্ঞতা সম্পর্কে অভিনেত্রী বলেন, নতুন সহকর্মী ও নতুন পরিবেশের পাশাপাশি নতুন বন্ধুও পেয়েছেন তিনি। সব মিলিয়ে সময়টা ভালোই কাটছে বলে জানান।
অভিনয়ের পাশাপাশি ব্যাংকে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, নতুন পেশার কারণে তিনি অভিনয়ে অনিয়মিত হয়ে পড়বেন কি না। তবে তমা স্পষ্ট করেছেন, অভিনয় থেকে সরে যাওয়ার কোনো পরিকল্পনা তাঁর নেই।
অভিনয়কে নিজের প্রথম ভালোবাসা ও ভালোলাগার জায়গা উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতেও অভিনয়ের সঙ্গে যুক্ত থাকতে চান। ব্যাংক কর্তৃপক্ষও তাঁর অভিনয়ের বিষয়ে আন্তরিক হওয়ায় দুই পেশা একসঙ্গে চালিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।
নতুন পেশাকে নিজের জন্য ভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে দেখছেন এই অভিনেত্রী। নিয়মিত সিনেমায় কাজ না করায় অবসর সময়কে কাজে লাগিয়ে নতুন কিছু শেখার পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা অর্জন করতে চান তিনি।
তমা জানান, তিনি বেছে বেছে সিনেমায় কাজ করেন এবং সাধারণত বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয় করেন। ফলে অভিনয়ের বাইরে থাকা সময়কে অন্য কাজে ব্যবহার করার সুযোগটি তিনি কাজে লাগাতে চান।
অভিনয় ও ব্যাংকিং—দুই ভিন্ন জগতের কাজ একসঙ্গে সামলানোর এই অভিজ্ঞতা তাঁর পেশাগত ও ব্যক্তিগত জীবনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন তমা মির্জা।
কসমিক ডেস্ক