ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে দেশটির অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত সরকার। মঙ্গলবার (১১ আগস্ট) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বিষয়টি ভারতের প্রচলিত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী পর্যালোচনায় রয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদি হত্যাকাণ্ড-সংক্রান্ত তদন্ত নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের অবস্থান আগের মতোই রয়েছে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ওসমান হাদি হত্যাকাণ্ড-সংক্রান্ত বিষয়টি একটি চলমান আইনি তদন্তের অংশ।
এর আগে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও শেখ হাসিনার প্রত্যর্পণ এবং সংশ্লিষ্ট আইনি বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভারত এ বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে।
একই সংবাদ সম্মেলনে রণধীর জয়সওয়াল আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে এর আগে দ্বিপক্ষীয় সফরের জন্য এবং পরে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য ভারত থেকে পৃথক দুটি আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
কসমিক ডেস্ক