আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জোহরা The Daily Cosmic Post
ঢাকা | বঙ্গাব্দ
ঢাকা |

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জোহরা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 9, 2026 ইং
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী কর্মসূচিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জোহরা ছবির ক্যাপশন:

রাশিয়ার খান্তি-মানসিস্ক স্বায়ত্তশাসিত অঞ্চল-ইউগ্রায় অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পস’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন তরুণ স্থপতি ও উদ্যোক্তা জোহরা গুলশান আরা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২০ জন তরুণ নেতা ও স্বেচ্ছাসেবকের মধ্যে তিনি বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেবেন।

আগামী ১৩ থেকে ২৩ আগস্ট রাশিয়ার বেরিওজভস্কি জেলায় কর্মসূচিটি অনুষ্ঠিত হবে। স্বেচ্ছাসেবা, পরিবেশ সংরক্ষণ, নগর পরিকল্পনা, স্থাপত্য ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় তরুণদের নিয়ে আয়োজন করা হয়েছে এ কর্মসূচি। এর মাধ্যমে অংশগ্রহণকারী তরুণদের মধ্যে আন্তর্জাতিক সহযোগিতা, পরিবেশ সচেতনতা ও স্বেচ্ছাসেবার অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

জোহরা গুলশান আরা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে স্থাপত্যে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি দেশের নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি প্রযুক্তি খাতের স্টার্টআপ ‘ইকোটেক ইনোভেশন’-এর সঙ্গে যুক্ত রয়েছেন। স্থাপত্য ও প্রযুক্তির পাশাপাশি পরিবেশ ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে তার সম্পৃক্ততাও রয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জোহরাকে সম্পূর্ণ অর্থায়নে এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাতায়াতসহ কর্মসূচিতে অংশগ্রহণের প্রয়োজনীয় ব্যয় আয়োজক সংস্থাই বহন করবে। এ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা করছে ‘রাশিয়ান হাউস ইন বাংলাদেশ’।

রাশিয়ার ফেডারেল যুব বিষয়ক সংস্থা ‘রসমোলোদেজ’-এর সহযোগিতায় এবং ‘রাশিয়া-সম্ভাবনার দেশ’ শীর্ষক ফেডারেল প্রকল্পের আওতায় কর্মসূচিটি আয়োজন করা হচ্ছে। পাশাপাশি রাশিয়ায় ঘোষিত ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক বর্ষ ২০২৬’-এর নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবেও এটি বাস্তবায়িত হচ্ছে।

‘ইউথ সেন্টার অব ইউগ্রা’ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক আমন্ত্রণে জোহরা এই কর্মসূচিতে অংশ নিচ্ছেন। আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের তরুণদের অংশগ্রহণের এই সুযোগ দেশের যুবসমাজের জন্যও অনুপ্রেরণাদায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কসমিক ডেস্ক

কমেন্ট বক্স
ভ্যানকে চাপা দিয়ে খাদে ট্রাক, নিহত ১

ভ্যানকে চাপা দিয়ে খাদে ট্রাক, নিহত ১