সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৪৬ বোতল ভারতীয় মদসহ আল আমিন (২০) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল। শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার পলাশ বাজার থেকে ধনপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আল আমিন উপজেলার মেরুয়াখলা গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ধনপুর ইউনিয়নের পশ্চিম মেরুয়াখলা এলাকায় পলাশ বাজার-ধনপুর সড়কের ওপর একটি সিএনজিচালিত অটোরিকশায় মাদক কারবারি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন।
সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে অটোরিকশা থেকে নেমে একজন পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি তাঁর হেফাজতে বিদেশি মদ থাকার কথা জানান বলে র্যাব জানিয়েছে।
পরবর্তীতে তাঁর দেখানো তথ্য অনুযায়ী অটোরিকশার ভেতরে রাখা সাদা ও খাকি রঙের কার্টন তল্লাশি করা হয়। সেখান থেকে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদসহ অটোরিকশাটিও জব্দ করা হয়।
র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন জানিয়েছেন, তিনি সিলেটের সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৯ সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জব্দ করা আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত রয়েছে।
কসমিক ডেস্ক