হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিগঞ্জ গ্রামে তাহমিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তাহমিনা আক্তার উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের তাহির মিয়ার স্ত্রী। তিনি ছাতিয়াইন ইউনিয়নের রামেশ্বর গ্রামের উসমান মিয়ার মেয়ে। কয়েক বছর আগে তাহির মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাহমিনা ও তার স্বামীর মধ্যে মনোমালিন্য ছিল। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে গভীর রাতে তাহমিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।
খবর পেয়ে শুক্রবার সকালে মাধবপুর থানার এসআই পাভেল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে তাহমিনার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে মানতে নারাজ তার বাবা উসমান মিয়া। তার অভিযোগ, মেয়েকে হত্যা করার পর স্বামীর পরিবারের লোকজন ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করছেন। এ অভিযোগের পর ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা ও সন্দেহ তৈরি হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত করা হবে এবং অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কসমিক ডেস্ক