যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তিন বাংলাদেশির পক্ষে ২৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩৩ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা) ক্ষতিপূরণ আদায়ে আইনি সহায়তা দিয়েছেন অ্যাটর্নি মঈন চৌধুরী। আহত তিন বাংলাদেশি প্রায় তিন বছর আগে ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বখ্যাত নায়েগ্রা ফলস পরিদর্শনের সময় দুর্ঘটনার শিকার হন।
অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, তার আইনজীবী প্রতিষ্ঠান দীর্ঘ প্রায় দুই দশক ধরে সড়ক দুর্ঘটনা, ভুল চিকিৎসা এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত হওয়া প্রবাসীদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ আদায়ে সহায়তা করেছে। তবে এই মামলাটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ দুর্ঘটনার সময় ভুক্তভোগীরা ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
নায়েগ্রা ফলসের কাছে ঘটে দুর্ঘটনা
তার ভাষ্য অনুযায়ী, মক্কেলদের অনুরোধে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি জানান, নায়েগ্রা ফলসের কাছাকাছি এলাকায় তাদের বহনকারী একটি প্রাইভেট কারকে একটি ট্রাক উচ্চগতিতে ধাক্কা দিলে গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন।
আইনি প্রক্রিয়া শেষে আদালতের রায়ের মাধ্যমে আহত তিন বাংলাদেশির জন্য ২৬ লাখ ৫০ হাজার ডলার ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়।
আগেও ক্ষতিপূরণ আদায়ের নজির
অ্যাটর্নি মঈন চৌধুরী আরও জানান, অতীতেও ট্যুরিস্ট ভিসায় যুক্তরাষ্ট্রে এসে দুর্ঘটনায় আহত কয়েকজন বাংলাদেশির পক্ষে তার আইনজীবী প্রতিষ্ঠান সফলভাবে ক্ষতিপূরণ আদায় করেছে। তিনি বলেন, আদালতের রায়ে প্রাপ্ত ক্ষতিপূরণের অর্থের মধ্যে কয়েকজনের প্রাপ্য অর্থ তিনি নিজে বাংলাদেশে গিয়ে তাদের হাতে তুলে দিয়েছেন।
তবে এই মামলায় ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া, আদালতের রায় কিংবা সংশ্লিষ্ট পক্ষের বিষয়ে অতিরিক্ত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ভুক্তভোগীদের ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তাদের পরিচয়ও গোপন রাখা হয়েছে।
কসমিক ডেস্ক