নিয়মিত খেলার সুযোগ করে দিতে আর্জেন্টাইন তরুণ প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় ধারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াল মাদ্রিদ। দলবদলবিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, দুই ক্লাবের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে এবং ২০২৭ সালের জুন পর্যন্ত ইতালির ক্লাবটিতেই খেলবেন এই অ্যাটাকিং মিডফিল্ডার।
রিয়াল মাদ্রিদ পরিষ্কারভাবে জানিয়েছে, এটি শুধুই একটি লোন চুক্তি। ফিওরেন্তিনার কাছে খেলোয়াড়কে স্থায়ীভাবে কেনার কোনো সুযোগ রাখা হয়নি। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ভবিষ্যতের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে মাস্তানতুয়োনোকে দীর্ঘমেয়াদে রিয়ালের পরিকল্পনার অংশ হিসেবেই দেখছেন।
১৮ বছর বয়সী মাস্তানতুয়োনো গত মৌসুমে রিভার প্লেট থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দেন। তাকে দলে ভেড়াতে ইউরোপের আরও কয়েকটি শীর্ষ ক্লাব আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত স্প্যানিশ জায়ান্টরাই তাকে দলে নেয়।
নিজের প্রথম মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রায় ৩৫টি ম্যাচে মাঠে নামেন তিনি। এই সময়ে তিনটি গোল ও একটি অ্যাসিস্ট করেন। তবে তারকাসমৃদ্ধ স্কোয়াডে নিয়মিত শুরুর একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে পড়ায় অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই তাকে ধারে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাঁ পায়ের নিখুঁত নিয়ন্ত্রণ, দারুণ ড্রিবলিং, দূরপাল্লার শট এবং আক্রমণভাগের একাধিক পজিশনে খেলার সক্ষমতার কারণে ইতোমধ্যেই ইউরোপীয় ফুটবলে নিজের সম্ভাবনার প্রমাণ দিয়েছেন মাস্তানতুয়োনো। ইতালিয়ান নাগরিকত্ব থাকায় সিরি আ-তে খেলতে তার কোনো নিবন্ধনসংক্রান্ত জটিলতাও থাকবে না।
অন্যদিকে নতুন কোচের অধীনে দল পুনর্গঠনের পথে থাকা ফিওরেন্তিনা তরুণ এই আর্জেন্টাইনকে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে বিবেচনা করছে। ইউরোপের প্রতিযোগিতামূলক পরিবেশে ধারাবাহিক ম্যাচ খেলার সুযোগ তাকে আরও পরিণত করে তুলবে বলে আশা করছে রিয়াল মাদ্রিদও।
চুক্তির মেয়াদ শেষে ২০২৭ সালের জুনে মাস্তানতুয়োনো আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরবেন। এরপর তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্প্যানিশ ক্লাবটি।
কসমিক ডেস্ক