স্ত্রী আফরা ইবনাত ইকরার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া) জামিন পেয়েছেন। হাইকোর্ট তার জামিন মঞ্জুর করায় আপাতত কারাগার থেকে মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।
সোমবার (৩ আগস্ট) আদালতের সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ২ আগস্ট বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন-সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন।
এর আগে গত ১৮ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন জাহের আলভী। তবে শুনানি শেষে নিম্ন আদালত তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পরবর্তীতে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে ২৪ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর জাহের আলভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে জাহের আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক কলহ এবং মানসিক নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালে জাহের আলভী ও আফরা ইবনাত ইকরার বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিলের পর পরবর্তী আইনি কার্যক্রম এগিয়ে যাবে।
কসমিক ডেস্ক