যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স—ডিএনআই) নেতৃত্বে পরিবর্তন আসছে। ভারপ্রাপ্ত পরিচালক বিল পুল্টে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। তার স্থলাভিষিক্ত হচ্ছেন সিনেটের অনুমোদন পাওয়া জে ক্লেটন, যিনি দেশটির নতুন জাতীয় গোয়েন্দাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।
শনিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিল পুল্টে জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জে ক্লেটনের সঙ্গে আলোচনার ভিত্তিতেই দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সফলতা কামনা করেন।
এর আগে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসি গ্যাবার্ড পদত্যাগ করলে অন্তর্বর্তীকালীন প্রধান হিসেবে বিল পুল্টেকে দায়িত্ব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা কার্যক্রমে প্রত্যক্ষ অভিজ্ঞতার অভাব থাকায় তার নিয়োগ শুরু থেকেই সমালোচনার মুখে পড়ে। এর আগে তিনি ফেডারেল হাউজিং ফিন্যান্স এজেন্সির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
প্রায় দুই মাসের দায়িত্বকালে বিল পুল্টের নেতৃত্বে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-সংক্রান্ত কিছু গোপন গোয়েন্দা নথি প্রকাশ করা হয়, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। বিশ্লেষকদের একাংশের মতে, এসব তথ্যের বেশিরভাগই আগে থেকেই পরিচিত ছিল, তবে তা প্রকাশের সময় ও প্রেক্ষাপট নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়।
নতুন গোয়েন্দাপ্রধান জে ক্লেটন এর আগে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) চেয়ারম্যান এবং নিউইয়র্কের সাবেক মার্কিন অ্যাটর্নি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিনেটে তার নিয়োগ শুনানির সময় ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের বিজয় নিয়ে অবস্থান স্পষ্ট না করায় তিনি কিছু দ্বিদলীয় সমর্থন হারান। তবুও সিনেটে সংখ্যাগরিষ্ঠ ভোটে তার নিয়োগ চূড়ান্তভাবে অনুমোদিত হয়।
নতুন দায়িত্বে জে ক্লেটনের সামনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কার্যক্রমের সমন্বয়, জাতীয় নিরাপত্তা জোরদার এবং বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে। প্রশাসনিক ও আইনগত অভিজ্ঞতার আলোকে তিনি সংস্থাটির কার্যক্রম পরিচালনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
কসমিক ডেস্ক