আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে পরিচালিত অভিযানে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। তাদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
শনিবার প্রকাশিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, গত ২৩ থেকে ২৯ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে আটক করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে:
- ৭ হাজার ১০৩ জন আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে,
- ৩ হাজার ৬৫৪ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এবং
- ৩ হাজার ৩৯৭ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আটক হয়েছেন।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বেআইনিভাবে দেশত্যাগের চেষ্টা করার অভিযোগে ২৩ জনকে আটক করা হয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসন ও কর্মসংস্থানবিষয়ক আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন বা সহায়তা দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৭ জনকেও গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন ব্যক্তি আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন। তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে প্রয়োজনীয় ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। এছাড়া ৫ হাজার ৪২৪ জনের দেশে ফেরার আগে চূড়ান্ত ভ্রমণ প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
সৌদি সরকার জানিয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন কার্যকর করতে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাই দেশটিতে অবস্থানরত প্রবাসীদের বৈধ কাগজপত্র ও কর্মসংস্থানের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
কসমিক ডেস্ক