ভালোবাসা, সম্পর্কের জটিলতা এবং ভাগ্যের নির্মম বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’। সম্পর্কের আবেগ, বিচ্ছেদ এবং জীবনের অপ্রত্যাশিত মোড়কে ঘিরে সাজানো এই নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল ও মালাইকা চৌধুরী।
তৌসিফ মাহবুব এর আগে কেয়া পায়েলের সঙ্গে একাধিক নাটকে অভিনয় করলেও মালাইকা চৌধুরীর সঙ্গে এটিই তাঁর প্রথম কাজ। নতুন এই অভিজ্ঞতা নিয়ে তৌসিফ বলেন, এটি শুধুই প্রেমের গল্প নয়; বরং সম্পর্কের গল্প। প্রচলিত গল্পের বাইরে ভিন্নধর্মী উপস্থাপনা দর্শকদের নতুন অনুভূতির মুখোমুখি করবে বলে তাঁর বিশ্বাস। একই সঙ্গে মালাইকার সঙ্গে কাজের অভিজ্ঞতাও তাঁর কাছে ইতিবাচক ছিল বলে জানান তিনি।
নাটকটি পরিচালনা করেছেন মাসরিকুল আলম। নির্মাতার ভাষ্য, তিনি এমন একটি গল্প তুলে ধরতে চেয়েছেন যেখানে শুধু সম্পর্কের শুরু বা শেষ নয়, বরং সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানুষের ভেতরে যে মানসিক পরিবর্তন ঘটে, সেটিও দর্শক অনুভব করতে পারবেন। তাঁর আশা, নাটকের চরিত্রগুলো সম্প্রচার শেষ হওয়ার পরও দর্শকের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে।
গল্পে উঠে এসেছে এমন কিছু মানুষের জীবন, যারা পরস্পরকে গভীরভাবে ভালোবাসলেও সময়, ভুল সিদ্ধান্ত এবং ভাগ্যের নির্মম পরিণতির কাছে শেষ পর্যন্ত পরাজিত হয়। সম্পর্কের টানাপড়েন, আবেগের দ্বন্দ্ব এবং বাস্তব জীবনের নানা অনিশ্চয়তা নাটকের মূল উপজীব্য হিসেবে তুলে ধরা হয়েছে।
নির্মাতারা জানিয়েছেন, ‘আমার রাজ্যে তুমি’ খুব শিগগিরই ক্যাপিটাল ড্রামার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। সম্পর্কভিত্তিক ভিন্নধর্মী গল্প এবং জনপ্রিয় অভিনয়শিল্পীদের সমন্বয়ে নাটকটি দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
কসমিক ডেস্ক