ঢাকায় কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের বহুল প্রতীক্ষিত কনসার্ট আবারও স্থগিত করা হয়েছে। সব ধরনের প্রস্তুতি এবং প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি বাতিলের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।
আয়োজকদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শিরোনামের কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় অনুমোদন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হলেও ‘অনিবার্য কারণ’ দেখিয়ে মন্ত্রণালয়ের নির্দেশনার পর কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
আকস্মিক এই সিদ্ধান্তে টিকিটধারী দর্শক, সংগীতপ্রেমী, স্পন্সর, শিল্পী এবং আয়োজন-সংশ্লিষ্টদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানিয়েছে আয়োজকরা। একই সঙ্গে তারা উল্লেখ করেন, রাষ্ট্রের সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনাকে সম্মান জানিয়েই অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।
আয়োজকদের দাবি, কনসার্ট বাতিল হওয়ায় তারা উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তবে দর্শকদের স্বার্থ বিবেচনায় সব টিকিটধারীকে তাদের ক্রয়কৃত টিকিটের সম্পূর্ণ মূল্য অফিশিয়াল টিকিটিং প্ল্যাটফর্মের মাধ্যমে ফেরত দেওয়া হবে। রিফান্ড সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট প্ল্যাটফর্ম থেকেই জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, এটি প্রথমবার নয়। এর আগে চলতি বছরের ২৬ জুন একই কনসার্ট আয়োজনের পরিকল্পনা থাকলেও সেটিও সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে ১ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত সেই আয়োজনও বাস্তবায়ন করা সম্ভব হলো না।
অনুপম রায় বাংলা গানের জনপ্রিয় এক নাম। তাঁর কনসার্ট ঘিরে বাংলাদেশের সংগীতপ্রেমীদের মধ্যে দীর্ঘদিন ধরেই ব্যাপক আগ্রহ ছিল। পরপর দুইবার কনসার্ট স্থগিত হওয়ায় ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তবে ভবিষ্যতে নতুন তারিখ নির্ধারণ করে অনুষ্ঠানটি আয়োজন করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি আয়োজক প্রতিষ্ঠান।
কসমিক ডেস্ক